সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়ার টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সরকারি চাকরিজীবীদের জন্য দুঃসংবাদ, পে-ফিক্সেশনের কারণে মিলবে না বকেয়ার টাকা
প্রতীকী ছবি

নতুন বেতন কাঠামো কার্যকরের পর পে-ফিকেশনের কারণে শ্রান্তি ও বিনোদন ভাতার অতিরিক্ত বা বকেয়া অর্থ পাবেন না সরকারি কর্মচারীরা। একবার এ ভাতা গ্রহণ করলে পরবর্তী সময়ে মূল বেতন বাড়লেও নতুন করে কোনো বকেয়া দাবি করা যাবে না বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (১১ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট জারি করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, সরকারি চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬ অনুযায়ী ধাপভিত্তিক বেতনস্কেল কার্যকর হওয়ার সময়কাল অর্থাৎ ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত শ্রান্তি ও বিনোদন ভাতা প্রাপ্যতার ক্ষেত্রে এ নির্দেশনা প্রযোজ্য হবে।

অর্থ বিভাগের ১৯৮৯ সালের ২০ মার্চ জারি করা নির্দেশনা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী যে মাসে শ্রান্তি ও বিনোদন ছুটিতে যাবেন, সেই মাসে তিনি যে পরিমাণ মূল বেতন আহরণ করবেন, তার সমপরিমাণ অর্থ শ্রান্তি ও বিনোদন ভাতা হিসেবে পাবেন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের সময়ও এ নিয়ম অনুসরণ করা হবে।

এতে বলা হয়েছে, নতুন বেতন কাঠামোর আওতায় ধাপভিত্তিক বেতন বাস্তবায়ন ও পে-ফিক্সেশনের কারণে নির্ধারিত বেতনের ভিত্তিতে এই ভাতা হিসাব করা হবে না। বরং সংশ্লিষ্ট কর্মচারী ছুটিতে যাওয়ার মাসে বাস্তবে যে পরিমাণ মূল বেতন উত্তোলন করবেন, ঠিক সেই পরিমাণ অর্থই ভাতা হিসেবে প্রাপ্য হবেন।

গেজেটে বলা হয়েছে, কোনো কর্মচারী একবার শ্রান্তি ও বিনোদন ভাতা তুলে ফেললে পরবর্তী সময়ে পে-ফিক্সেশনের কারণে তার মূল বেতন বাড়লেও পূর্বের ভাতার বিপরীতে কোনো বকেয়া বা অতিরিক্ত অর্থ পাবেন না।

অর্থ বিভাগের এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে বলে গেজেটে জানানো হয়েছে।

/এসবি/