শিরোনাম

ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক
ডেসকোর সাবেক এমডি ও প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা
ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (ছবি:সিংগৃহীত)

রাষ্ট্রের ৭৪ কোটি ৮৩ লাখ টাকারও বেশি ক্ষতি করার অভিযোগে ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কাউসার আমীর আলী এবং প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের উপসহকারী পরিচালক মো. হাবিবুর রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) বাদী হয়ে সংস্থাটির সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ মামলা দায়ের করেন। দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ওই মামলায় তাঁদের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণের মাধ্যমে রাষ্ট্রের অর্থ নষ্ট করার অভিযোগ করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে মন্ত্রিপরিষদ বিভাগের আদেশ অমান্য করেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী পূর্বানুমতি ছাড়া কোনো মন্ত্রণালয় বা সংস্থার নিজস্ব ডাটা সেন্টার নির্মাণে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু কাউসার আমীর আলী এবং শামীম আহসান চৌধুরীর ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডেসকোর জন্য আলাদা ডাটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেন।

মামলার এজাহারে আরও বলা হয়, ২০২০ সালের ১৭ ডিসেম্বর মন্ত্রিপরিষদ সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সরকারি সব সংস্থার তথ্য বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের (বিডিসিসিএল) মাধ্যমে সংরক্ষণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে ২০২১ সালের ২৪ জানুয়ারি এ বিষয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হলেও ডেসকো তা অনুসরণ করেনি। এই নিষেধাজ্ঞা অমান্য করে ২০২১ সালের ২৭ এপ্রিল ডেসকো প্রায় ৭১ কোটি ৭৮ লাখ টাকার একটি আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে নিজস্ব ডাটা সেন্টার নির্মাণের জন্য, যা সরকারি অর্থ সাশ্রয়ের নীতির পরিপন্থী এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে দুদকের তদন্তে প্রমাণিত হয়েছে।

দুদকের অভিযোগে বলা হয়, অভিযুক্তদের এই কর্মকাণ্ডের কারণে সব মিলিয়ে রাষ্ট্রের মোট ৭৪ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯২ টাকার ক্ষতি হয়েছে।

/বিবি/