প্ল্যান পাসের ভোগান্তি কমাতে রাজউকে হবে ওয়ানস্টপ সার্ভিস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্ল্যান পাসের ভোগান্তি কমাতে রাজউকে হবে ওয়ানস্টপ সার্ভিস
সংসদ সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খ মজিবুর রহমান ইকবাল (ডানে)।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নকশা অনুমোদনের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যে এক জায়গায় আবেদন করে নকশা অনুমোদনের ব্যবস্থা করা হবে। জনগুরুত্বপূর্ণ এই প্রস্তাব দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

সোমবার (২২ সেপ্টেম্বর) সংসদ সচিবালয়ে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান ওই কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল এমপি। এর আগে কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শেখ মজিবুর রহমান ইকবাল বলেন, ‘এতদিন রাজউকের প্ল্যান অনুমোদনের জন্য ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তরে ঘুরতে হতো। এতে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি উন্নয়ন কার্যক্রমও ব্যাহত হয়েছে। এ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে ওয়ান-স্টপ সার্ভিস চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রী ও রাজউক চেয়ারম্যান এতে সম্মতি দিয়েছেন। নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে এক জায়গায় আবেদন করে দ্রুত নকশা পাওয়ার ব্যবস্থা করা হবে।

আবাসন সংকট ও স্বল্পমূল্যের ফ্ল্যাট প্রসঙ্গে কমিটির ওই সদস্য বলেন, বিদ্যমান নগর বিধিমালার কিছু জটিলতার কারণে আবাসন খাতের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ফ্লোর এরিয়া রেশিও (এফএআর) সংক্রান্ত জটিলতার কারণে অনেক ল্যান্ড ডেভেলপার আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে পারছেন না। বিষয়টি বিশেষজ্ঞরা পর্যালোচনা করছেন।

তিনি জানান, বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) বিধিমালা এবং নগর গৃহায়ণ বিধিমালা-দু’টি বিধিমালা আইনি রূপ পাওয়ার প্রক্রিয়ায় রয়েছে। এগুলো সংশোধিত হলে আবাসন প্রকল্পে ফ্ল্যাটের সংখ্যা বাড়বে এবং সাধারণ মানুষের জন্য তুলনামূলক কম দামে ফ্ল্যাট পাওয়ার সুযোগ তৈরি হবে। অপরিকল্পিত নগরায়ণ বন্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান শেখ মজিবর রহমান।

শেখ মজিবুর রহমান যারা ভবন নির্মাণের নকশা অনুমোদন নেয়নি তাদের জরিমানা দিতে হবে উল্লেখ করে বলেন, নিয়ম মেনে ভবন নির্মাণ করেও যারা নকশা অনুমোদন নেননি, তাদের নির্দিষ্ট জরিমানা বা শাস্তির আওতায় এনে রাজউকের বিধি অনুযায়ী বৈধ করার বিষয়টি বৈঠকে আলোচনা হয়েছে। সাধারণ মানুষকে সুবিধা দেওয়ার লক্ষ্যে কমিটি কাজ করবে।

/বিবি/