মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে ৫ শর্ত

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগাতে মানতে হবে ৫ শর্ত
ছবি: সিটিজেন জার্নাল গ্রাফিক্স

মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়িয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। এজন্য ১৫ নভেম্বর পর্যন্ত সময় দেওয়া হলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী সেটা ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে এ ক্ষেত্রে বিআরটিএর নির্ধারিত পাঁচটি শর্ত মানতে হবে।

বুধবার (১১ নভেম্বর) বিআরটিএর অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘সড়ক পরিবহণ আইন, ২০১৮’ ও ‘সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২’ অনুযায়ী মোটরসাইকেলের পেছনের পাশাপাশি সামনের অংশেও রেজিস্ট্রেশন নম্বর প্রদর্শন বাধ্যতামূলক। এজন্য মোটরসাইকেল মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় নির্ধারিত নিয়ম মেনে সামনের দিকে ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজন করতে হবে।

বিআরটিএর নির্ধারিত শর্তগুলো হলো-

নম্বরপ্লেটের উপাদান: ম্যানুয়াল নম্বরপ্লেট অবশ্যই স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়ামের তৈরি হতে হবে।

রং ও অক্ষর: সাদা পটভূমির ওপর কালো রঙের বাংলা অক্ষর ও সংখ্যায় রেজিস্ট্রেশন নম্বর লিখতে হবে।

নকশা: নম্বরপ্লেটে অন্য কোনো ধরনের শোভাবর্ধন বা নকশা করা যাবে না।

স্কুটারের নম্বরপ্লেটের মাপ: স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে।

অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের মাপ: স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার হতে হবে। অক্ষর ও সংখ্যার ফন্টের উচ্চতাও কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে। এ ক্ষেত্রে রেজিস্ট্রেশন মার্ক একটি আনুভূমিক রেখায় প্রদর্শন করতে হবে। যেমন: ঢাকা মেট্রো-ল-১১-১২২৯।

নির্ধারিত সময়ের মধ্যে এসব শর্ত মেনে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বরপ্লেট লাগানোর জন্য মালিকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

/জেএইচ/