শিরোনাম

রামিসার বাসায় প্রধানমন্ত্রী

নিজস্ব  প্রতিবেদক
রামিসার বাসায় প্রধানমন্ত্রী
রামিসার বাসায় প্রধানমন্ত্রী (1)

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার ৮ বছরের শিশু রামিসার বাসায় গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে রামিসার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করতে তাদের বাসায় যান তিনি।

এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে এই বর্বরোচিত ঘটনার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন উপস্থিত ছিলেন।

এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাট বাসার খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরবর্তীতে বাথরুম থেকে তার খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় দেশজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠলে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরবর্তীতে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারের পর অপরাধের কথা স্বীকার করে ঘাতক সোহেল রানা জানিয়েছে, সে শিশু রামিসাকে ধর্ষণের পর অত্যন্ত ঠাণ্ডা মাথায় গলা কেটে হত্যা করেছে। এ বিষয়ে সে ইতোমধ্যেই আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে।

এদিকে, জঘন্য হত্যাকাণ্ডের শিকার রামিসার খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় গণ-মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অব্যাহত রয়েছে।

/এসবি/