রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না: ববি হাজ্জাজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি করলে ছাড় দেওয়া হবে না: ববি হাজ্জাজ
ঢাকা-১৩ সংসদীয় আসনের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি: সিটিজেন জার্নাল টোয়েন্টিফোর

রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি, সন্ত্রাস বা অপরাধে জড়িত হলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের বিএনপি বাজারসহ ঢাকা-১৩ সংসদীয় আসনের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। এ সময় বাজারের ব্যবসায়ী, মার্কেট কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

ববি হাজ্জাজ বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হতে পারে না। কোনো ব্যক্তি বিএনপি, এনডিএম কিংবা অন্য কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে সন্ত্রাস, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের কোনো অভিযোগ বা তথ্য পাওয়া গেলে আমাকে জানাবেন। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

ফুটপাত দখলমুক্ত করার বিষয়ে ববি হাজ্জাজ বলেন, সিটি করপোরেশন ও প্রশাসনের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে বাজার কমিটিকেও নিজস্ব জায়গা ও ব্যবস্থাপনার আওতায় ব্যবসায়ীদের জন্য বিকল্প সুযোগ তৈরিতে সহযোগিতা করতে হবে। ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের বিষয়টিও মানবিক ও বাস্তবসম্মতভাবে বিবেচনায় নিয়ে সমন্বিত সমাধান বের করতে হবে।

পরিদর্শনকালে সংশ্লিষ্ট বাজার কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় জনপ্রতিনিধি, শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

/এসবি/