রংপুরের পথে প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রংপুরের পথে প্রধানমন্ত্রী
রংপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: পিএমও

শারদীয় দুর্গাপূজায় ঢাকার বাহিরের পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর বিমানবন্দরে নেমে বেলা ১১টায় রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী।

এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি সংসদ সদস্য নিপুল রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ড, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রমুখ।

এর আগে, গতকাল প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানান, পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার প্রধানমন্ত্রী তিন জেলায় যাচ্ছেন। সকালে যাবেন রংপুর। এরপর যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রামে ভ্রমণ করবেন তিনি।’

আতিকুর রহমান রুমন আরও বলেন, এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। এ সময় তিনি পূজারিদের শুভেচ্ছা জানাবেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

জানা গেছে, রংপুরের রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে শেষে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন।

রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।

/এফআর/