সৌ‌দিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সৌ‌দিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের কপি চেয়েছে বাংলাদেশ
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। রায়ের কপি হাতে পাওয়ার পর দুই দেশের মধ্যে আলোচনা করে তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শামা ওবায়েদ জানান, ২০২৩ সালে ওই দুই বাংলাদেশিকে আটক করে সৌদি আরবের পুলিশ। তবে এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি।

তিনি আরও বলেন, বিচারিক রায়ের কপি হাতে পাওয়া গেলে ওই দুই বাংলাদেশির পরিচয় এবং তাদের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যাবে। এ বিষয়ে বিস্তারিত জানতে রায়ের কপির জন্য অপেক্ষা করছে সরকার।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সৌদি আরবের বিভিন্ন এলাকায় অনেক বাংলাদেশি কারাভোগ করছেন। নিয়মিতভাবে সৌদি কর্তৃপক্ষ এসব বাংলাদেশির তালিকা পাঠায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ও বিষয়টি খতিয়ে দেখছে।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আধাবেলার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা, এমনকি বায়তুল মোকাররম মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এটাকে কোনো কিছুর সঙ্গে তুলনা করা যাবে না। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয়।

/এফআর/