পূজামণ্ডপ পরিদর্শনে আজ ৩ জেলায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
পূজামণ্ডপ পরিদর্শনে আজ ৩ জেলায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনে আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকার বাইরে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তিন জেলায় যাচ্ছেন। সকালে যাবেন রংপুর। এরপর যথাক্রমে রাজশাহী ও চট্টগ্রামে ভ্রমণ করবেন তিনি।’

আতিকুর রহমান রুমন আরও বলেন, এই প্রথম বাংলাদেশের কোনো সরকারপ্রধান ঢাকার বাইরে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে পূজামণ্ডপ দেখতে যাচ্ছেন। এ সময় তিনি পূজারিদের শুভেচ্ছা জানাবেন এবং তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন।

জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রংপুরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর বিমানবন্দরে নামবেন তারেক রহমান। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন তিনি।

এরপর রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন তারেক রহমান। পরে রাজশাহী সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় ভাষণ দেবেন।

রাজশাহী থেকে বিমানে করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন তিনি। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে সাময়িক বিশ্রাম শেষে রাতে তিনি বিমানযোগে ঢাকা ফিরবেন।

/এফআর/