ববি হাজ্জাজের নামে ‘মাদকবিরোধী’ অভিযান, মাথা ফাটলো যুবকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ববি হাজ্জাজের নামে ‘মাদকবিরোধী’ অভিযান, মাথা ফাটলো যুবকের
(ডানে) আহত আরিফ হোসেন

পুলিশকে না জানিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের অফিস থেকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়েছে। অভিযানে আরিফ হোসেন (৩০) নামের এক যুবককে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

স্থানীয়দের দাবি, এই অভিযানে ববি হাজ্জাজের নির্বাহী সহকারী ইনতিশার মাশুক প্রধান নেতৃত্ব দেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার (১৮ অক্টোবর) রাত ১১টায় জেনেভা ক্যাম্পের কলেজ গেট এলাকায় ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের অফিস থেকে মাদকবিরোধী অভিযানটি পরিচালিত হয়। এতে ইনতিশার মাশুক প্রধানের নেতৃত্বে সুদীন ও জিসানসহ চার-পাঁচজন যুবক অংশ নেন, যারা ওই সংসদ সদস্যের লোক হিসেবে এলাকায় পরিচিত।

অভিযান চলাকালে মাদক সেবনরত আরিফ হোসেনকে মাথায় আঘাত করা হয়। পরে তাকে কলেজ গেট থেকে পুলিশের গাড়িতে উঠিয়ে দেওয়া হয়। পুলিশ তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে থানায় নেয়। তার মাথায় চারটি সেলাই লেগেছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তবে অভিযানের কথা অস্বীকার করেছেন ইনতিশার মাশুক প্রধান। তিনি বলেন, এমপির অফিস থেকে কোনো অভিযান চালানো হয়নি। নাগরিক উন্নতি নামে স্থানীয় একটি সংগঠন মাঝেমধ্যে এ ধরনের অভিযান চালায়।

জানতে চাইলে ‘নাগরিক উন্নতি’র সভাপতি মো. আহমেদ গণমাধ্যমকে বলেন, রবিবার আমাদের সংগঠনের কোনো অভিযান ছিল না। আমরা যখন অভিযান করি, কাউকে মারধর করি না। সবাইকে বুঝিয়ে, বিভিন্ন উপহার দিয়ে নেশার পথ থেকে ফিরে আসার অনুরোধ জানাই। যিনি (ইনতিশার) আমাদের নিয়ে বলেছেন, তিনি অসত্য তথ্য দিয়েছেন।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ওই মাদকবিরোধী অভিযানের আগে থানাকে জানানো হয়নি। তবে একজনের মাথা ফাটার পর পুলিশকে ফোন দিয়ে আহত অবস্থায় তাকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে।

এর আগে, গত শনিবার রাজধানীর গেণ্ডারিয়ায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ঢাকা-৬ আসনের সংসদ সদস্যের ওই অভিযান নিয়ে ব্যাপক বিতর্কের মধ্যে গতকাল সোমবার প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি।

/এফআর/