শিরোনাম

৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
৩ লাখ রোহিঙ্গা ফেরত নেওয়ার বিষয়ে আলোচনা হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নুরুল হক নুর ও শামা ওবায়েদ ইসলাম

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সঙ্গে সরকারের এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো দ্বিপাক্ষিক আলোচনা হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৩০ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে দ্বিপক্ষীয় আলোচনার পর মিয়ানমার প্রাথমিক পর্যায়ে মালয়েশিয়ায় আশ্রয় নেওয়া ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে জানান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একইসঙ্গে বাংলাদেশে বসবাসকারী প্রায় ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে সম্মত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। যদিও তাদের প্রত্যাবাসনের নির্দিষ্ট কোনো সময়সীমা প্রকাশ করা হয়নি।

স্থানীয় সংবাদমাধ্যম ‘ফ্রি মালয়েশিয়া টুডে’র বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বর্তমান সরকারের অন্যতম প্রধান ও প্রথম অগ্রাধিকারই হলো রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা। যদি এই ধরনের কোনো পদক্ষেপ বাস্তবায়িত হয়, তবে তা অবশ্যই ইতিবাচকভাবে বিবেচনা করে সাধুবাদ জানানো হবে। তবে মিয়ানমার সরকারের সঙ্গে সার্বিক বিষয়ে যোগাযোগ রাখা হলেও এ বিষয়ে নির্দিষ্ট কোনো অগ্রগতির তথ্য এখনও পর্যন্ত জানা নেই বলে উল্লেখ করেন তিনি।

মিয়ানমারে আটক বাংলাদেশি জেলেদের নিরাপদে ফিরিয়ে আনার বিষয়ে শামা ওবায়েদ বলেন, তাদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, পররাষ্ট্রসচিব এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মিয়ানমারের আরাকান আর্মি ও অন্যান্যদের হাতে বেশ কিছু বাংলাদেশি জেলে আটক রয়েছেন। অনেককেই বিচ্ছিন্নভাবে বিভিন্ন এলাকায় রাখা হয়েছে। তাদের চিহ্নিত করে নিরাপদে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বিকভাবে কাজ করে যাচ্ছে।

এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর উপস্থিত ছিলেন।

/জেএইচ/