জানুয়ারি থেকে কার্যকর জমির নতুন বাজারমূল্য, উদ্বিগ্ন আবাসন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জানুয়ারি থেকে কার্যকর জমির নতুন বাজারমূল্য, উদ্বিগ্ন আবাসন ব্যবসায়ীরা
প্রতীকী ছবি

জমি ও সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে নতুন বাজারমূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত তিন বছরের জন্য দেশের সব বিভাগ, জেলা ও উপজেলায় মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করা হবে। এ লক্ষ্যে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে নতুন বাজারমূল্যের তালিকা প্রস্তুত করে নিবন্ধন অধিদপ্তরে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শক শামীমা আফরোজ স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, গত ১০ নভেম্বর সম্পত্তির সর্বনিম্ন বাজার মূল্য নির্ধারণ বিধিমালা, ২০১০ সংশোধন করে নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সংশোধিত বিধিমালায় বাজারমূল্য নির্ধারণ কমিটির কাঠামো ও মূল্য নির্ধারণ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।

নতুন বিধিমালা অনুযায়ী, বিভাগীয় ও জেলা পর্যায়ের বাজারমূল্য নির্ধারণ কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট জেলার জেলা রেজিস্ট্রার। উপজেলা কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট উপজেলার সাব-রেজিস্ট্রার।

চিঠিতে বলা হয়েছে, ২০২৫-২০২৬ সালের জন্য নির্ধারিত স্থাবর সম্পত্তির শ্রেণিভিত্তিক বাজারমূল্য তালিকার কার্যকারিতা আগামী ৩১ ডিসেম্বর শেষ হবে। ফলে নতুন মূল্য তালিকা নির্ধারণ ও অনুমোদনের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা প্রয়োজন। এ অবস্থায় দেশের সব বিভাগ, জেলা ও উপজেলার স্থাবর সম্পত্তির মৌজা ও শ্রেণিভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করে তালিকা প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে এসব তালিকা মহাপরিদর্শক, নিবন্ধনের কাছে পাঠাতে হবে। অনুমোদিত নতুন মূল্য তালিকা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে একযোগে সারাদেশে কার্যকর হবে।

এতে বলা হয়েছে, জেলা রেজিস্ট্রার ও সাব-রেজিস্ট্রারদের জরুরি ভিত্তিতে এ কার্যক্রম সম্পন্ন করতে হবে। এ জন্য বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে এবং পত্র যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

গত ১০ নভেম্বর জারি করা সংশোধিত বিধিমালায় জমির বাজারমূল্য নির্ধারণে আগের নিবন্ধিত দলিলের মূল্য ছাড়াও স্থানীয় বাজারদর, সাম্প্রতিক কেনাবেচা, জমির অবস্থান, যোগাযোগ ও অবকাঠামোগত সুবিধা এবং গণশুনানিতে পাওয়া তথ্য বিবেচনার বিধান করা হয়েছে। একই মৌজার বিভিন্ন বৈশিষ্ট্যের জমির জন্য একাধিক ক্লাস্টার করে পৃথক বাজারমূল্য নির্ধারণের সুযোগ রাখা হয়েছে।

নতুন ব্যবস্থায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে তিন স্তরের কমিটি জমির বাজারমূল্য নির্ধারণ করবে। আগে জেলা রেজিস্ট্রারের নেতৃত্বাধীন কমিটি এ দায়িত্ব পালন করতো।

আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, সম্পত্তির নতুন বাজারমূল্য কার্যকর হলে আরও সংকটে পড়বে আবাসন খাত। এমনিতেই নানা চাপে বিপর্যস্ত রিয়েল এস্টেট খাতের জন্য এটি যেন সংকটের ওপর নতুন আঘাত।

/এসবি/