প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক

বিশেষ প্রতিনিধি
বিশেষ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
একনেক সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্যরা। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠক এখনো চলছে।

এর আগে, পরিকল্পনা বিভাগের এনইসি-একনেক ও সমন্বয় অনুবিভাগ থেকে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের এটি একনেকের সপ্তম সভা। এতে অনুমোদনের জন্য নতুন ও সংশোধিত মিলিয়ে মোট ২১টি প্রকল্প উপস্থাপন করা হবে। পাশাপাশি আগে অনুমোদিত ১৪টি প্রকল্পের অগ্রগতি ও সংশোধনী প্রস্তাবও আলোচনায় আসবে।

সভায় কৃষি, পানিসম্পদ, পল্লী অবকাঠামো, সড়ক পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য ও প্রাণিসম্পদসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের প্রকল্প নিয়ে আলোচনা হবে।

নতুন ও সংশোধিত প্রকল্পের তালিকায় স্থানীয় সরকার বিভাগের বেশ কয়েকটি বড় প্রকল্প রয়েছে। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ এবং জয়পুরহাট, ফরিদপুর ও রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন উল্লেখযোগ্য।

এ ছাড়া বৃহত্তর সিলেট অঞ্চলের (সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ) গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীত করার প্রকল্প তালিকায় রাখা হয়েছে।

পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় দেশের বিভিন্ন নদী ও জলাশয় খনন, পুনঃখনন, পুনরুদ্ধার এবং নদীভাঙন প্রতিরোধের একাধিক প্রকল্প রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—মেট্রো ঢাকা প্রকল্পের গোঁদনগরবাড়ী রিটেনশন পন্ড এবং তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্প। এ ছাড়া জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলার ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পও সভায় উঠছে।

আর্থ-সামাজিক অবকাঠামো খাতে আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যান্সার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন এবং ভোলার চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দাতব্য চিকিৎসালয় সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের প্রস্তাব রয়েছে। শিক্ষা খাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও পটুয়াখালী কৃষি কলেজ স্থাপন প্রকল্পও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। পাশাপাশি, ঢাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং বাংলাদেশ বিমান বাহিনীর আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প তালিকায় স্থান পেয়েছে।

অন্যদিকে চলমান প্রকল্পের তালিকায় রয়েছে কুমিল্লার মুরাদনগর উপজেলার আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ এবং মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন প্রকল্প।

এ ছাড়া মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিশ্চিতকরণ, খুলনা সড়ক জোনের মহাসড়কে বিদ্যমান সেতুর স্থলে নতুন সেতু নির্মাণ এবং দুর্গম ও প্রত্যন্ত পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোও আজকের সভায় আলোচনায় আসবে।

/এফআর/