মন্ত্রিপরিষদ, মুখ্যসচিব ও জ্যেষ্ঠ সচিবদের বেতন কত হলো

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মন্ত্রিপরিষদ, মুখ্যসচিব ও জ্যেষ্ঠ সচিবদের বেতন কত হলো
প্রতীকী ছবি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ নামে জারি করা এ প্রজ্ঞাপনে অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, সিনিয়র সচিব ও সমমর্যাদার কর্মকর্তাদের মূল বেতন কত হবে, তা নিয়ে নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা।

নতুন বেতনকাঠামোয় গ্রেড ভেদে সরকারি চাকরিজীবীদের প্রারম্ভিক মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রথম থেকে একাদশ গ্রেডে মূল বেতন ১০০ শতাংশ বাড়ানো হয়েছে। অন্যদিকে, দ্বাদশ থেকে বিংশ গ্রেড পর্যন্ত বাড়ানোর হার ১১৫ থেকে ১৪২ শতাংশ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও সমমর্যাদার পদে বেতন হবে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতো দিন তাদের মূল বেতন ৮৬ হাজার টাকা ছিল। এ ছাড়া সিনিয়র সচিব ও সমমর্যাদার পদের বেতন হবে ১ লাখ ৬৪ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতো দিন তাদের মূল বেতন ছিলো ৮২ হাজার টাকা।

অন্যদিকে, প্রথম গ্রেডের একজন কর্মকর্তার প্রারম্ভিক মূল বেতন ৭৮ হাজার থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা, দ্বিতীয় গ্রেডে ৬৬ হাজার থেকে বেড়ে ১ লাখ ৩২ হাজার,তৃতীয় গ্রেডে ৫৬ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১ লাখ ১৩ হাজার টাকা এবং চতুর্থ গ্রেডে ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

এভাবে ২০টি গ্রেডে নতুন বেতনকাঠামো বেতন নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে পঞ্চম গ্রেডে ৪৩ হাজার থেকে বেড়ে ৮৬ হাজার টাকা, ৬ষ্ঠ গ্রেডে ৩৫ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ৭১ হাজার টাকা, সপ্তম গ্রেডে ২৯ হাজার টাকা থেকে বেড়ে ৫৮ হাজার টাকা, অষ্টম গ্রেডে ২৩ হাজার থেকে বেড়ে ৪৬ হাজার টাকা; নবম গ্রেডে ২২ হাজার টাকা থেকে বেড়ে ৪৪ হাজার টাকা এবং দশম গ্রেডে ১৬ হাজার থেকে বেড়ে ৩২ হাজার টাকা করা হয়েছে।

গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে নতুন বেতনকাঠামো অনুমোদন দেওয়া হয়। এখন প্রজ্ঞাপন জারি হলো।

সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের কমিটি গঠন করা হয়। এ কমিটিই সুপারিশ চূড়ান্ত করেছে।

/এসবি/