এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার সৃজনশীলতাকে হ্রাস করছে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এআইয়ের অনিয়ন্ত্রিত ব্যবহার সৃজনশীলতাকে হ্রাস করছে: রাষ্ট্রপতি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অনিয়ন্ত্রিত ব্যবহার মানুষের চিন্তাশক্তি ও সৃজনশীল প্রতিভাকে হ্রাস করছে। তাই এআই-এর ব্যবহার পরিমিত মাত্রায় হওয়া প্রয়োজন, যাতে মানুষের সৃজনশীলতা ক্ষতিগ্রস্ত না হয়।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বঙ্গভবনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা বলেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, উন্নত শিক্ষা ব্যবস্থাকে শুধু রাজধানীকেন্দ্রিক না রেখে তা আরও বিকেন্দ্রীকরণ করতে হবে। একই সঙ্গে জাতীয় পর্যায়ের গবেষণা ও উন্নয়ন (রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট) কার্যক্রমে দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আরও বেশি সম্পৃক্ত করা জরুরি।

তিনি বলেন, আধুনিক ডিজিটাল প্রযুক্তির পাশাপাশি ন্যানো ও জৈব প্রযুক্তি এবং সেমিকন্ডাক্টর খাতে গবেষণা ও নতুন উদ্ভাবনে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে হবে। এসব ক্ষেত্রে গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে জনকল্যাণে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে।

সাক্ষাৎকালে কুয়েটের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। রাষ্ট্রপতি এ আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং কুয়েটের অধ্যাপকরা উপস্থিত ছিলেন।

/এসবি/