সবসময় মেজাজ খিটখিটে থাকে? জেনে নিন মন ভালো করার ৪ উপায়

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সবসময় মেজাজ খিটখিটে থাকে? জেনে নিন মন ভালো করার ৪ উপায়
প্রতীকী ছবি

জীবনের বাস্তবতায় হয়তো কঠিন সময় পার করছেন। এজন্য মাঝে মাঝে মেজাজ খারাপ হয়, এটা খুবই স্বাভাবিক। তবে সারাক্ষণ খিটখিটে মেজাজে থাকা মোটেই ভালো লক্ষণ নয়। এতে না চাইলেও নিজের এবং চারপাশের মানুষকে কষ্ট দিয়ে ফেলছেন।

আপনি নিজেও হয়তো লক্ষ্য করেছেন ইদানীং আপনার মেজাজ খারাপ থাকে। এর সমাধান দিয়েছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক থেরাপিস্ট জেফ্রি মেল্টজার। তার দেওয়া চারটি সহজ উপায় মেনে চললে নিমেষেই আপনার মন ভালো হতে পারে। চলুন জেনে নেই-

মেজাজ খারাপ হওয়ার কারণ চিহ্নিত করুন

আপনার মেজাজ খুব খারাপ বা খিটখিটে হয়ে আছে। এর কারণ অনুসন্ধান করুন। থেরাপিস্ট জেফ্রি জানান, ‘নিজেকে বলুন- আমার মনে হচ্ছে আজ সবাইকেই আমার বিরক্তিকর লাগছে।’ এভাবে নিজের চিন্তাকে আলাদা করে দেখতে পারলে বিনা কারণে ঝগড়ায় জড়িয়ে পড়া থেকে দূরে থাকা যায়।

পর্যাপ্ত ঘুম

মানুষের শরীরের জন্য ঘুম খুবই গুরুত্বপূর্ণ। মেজাজ বিগড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ পর্যাপ্ত ঘুম না হওয়া। এই অভ্যাস সব বয়সীদের মধ্যেই দেখা যায়। থেরাপিস্টের পরামর্শ, গভীর রাত পর্যন্ত ফোন চালানো বা সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকা বন্ধ করুন। এর পরিবর্তে ঘুমানোর চেষ্টা করুন। পর্যাপ্ত ঘুমালে মেজাজ ফুরফুরে রাখা অনেক সহজ হয়ে যায়।

মুখে ঠান্ডা পানির ঝাপটা দিন

মেজাজ ঠিক রাখার বা নিয়ন্ত্রণে আনতে জাদুকরি সমাধান হলো মুখে ঠান্ডা পানির ঝাপটা দেওয়া। এতে মন ও শরীর দুটোই নিমিষে ঠান্ডা হয়ে যায়। তবে কেউ যদি মজা করে আপনার গায়ে বরফ ছুড়ে মারে, সেটা হিতে বিপরীত হতে পারে।

সময়মতো খাবার খান

মেজাজ খিটখিটে হওয়ার আরেকটা বড় কারণ হলো ঠিকমতো খাবার না খাওয়া। দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে কিংবা জাঙ্ক ফুড বা অস্বাস্থ্যকর খাবারে পেট ভরালে শরীর ও মন দুটোই খারাপ হয়ে যায়। তাই মেজাজ খারাপের জন্য অন্যকে দোষ দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন-আজ ঠিকমতো খাবার খেয়েছিলেন কি না।

/জেএইচ/