ইরানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ পাকিস্তানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ পাকিস্তানের
তাফতান সীমান্ত দিয়ে হেঁটে যাচ্ছেন পাকিস্তানিরা

শনিবার (১৭ অক্টোবর) থেকে ইরানের সঙ্গে সরকারি গাব্দ-রিমদান ও তাফতান সীমান্ত ক্রসিং দিয়ে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে পাকিস্তান। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় ৩ অক্টোবরের পূর্ববর্তী আদেশ অবিলম্বে প্রত্যাহার করে একটি নতুন স্মারকলিপি জারি করেছে। তবে সরকারি এ নির্দেশনায় সীমান্ত বন্ধের কোনো কারণ জানানো হয়নি।

এই সিদ্ধান্তের পর কোয়েটা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি তাদের সদস্য এবং ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত প্রতিষ্ঠানগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন আমদানি ও রপ্তানির আদেশ দেওয়া বন্ধ করার পরামর্শ দিয়েছে। সূত্র জানায়, আকস্মিক এ নিষেধাজ্ঞার পর পাকিস্তানি ও ইরানি কর্তৃপক্ষের মধ্যে প্রাথমিক পর্যায়ের যোগাযোগ শুরু হয়েছে।

হঠাৎ সীমান্ত বন্ধ হয়ে যাওয়ায় এলপিজি, চাল, তাজা ফল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী শত শত যানবাহন এখন সীমান্তের উভয় পাশে আটকা পড়ে আছে।

মূলত গাব্দ-রিমদান সীমান্তপথটি পাকিস্তানের জ্বালানি চাহিদা মেটানোর অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছিল। এ সীমান্ত ক্রসিং দিয়ে প্রতিদিন ৪ হাজার টনেরও বেশি এলপিজি আমদানি করা হতো। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে এ পথ দিয়ে পাকিস্তানি পণ্যের রপ্তানিও উল্লেখযোগ্যভাবে বেড়েছিল।

বাণিজ্য ও জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, সীমান্ত ক্রসিং বন্ধ হ‌ওয়ায় করাচি এবং দেশের অন্যান্য এলাকায় এলপিজির সংকট আরও মারাত্মক রূপ নিতে পারে। বেলুচিস্তানে সাম্প্রতিক অস্থিরতার কারণে তাফতান রুটে এমনিতেই বাণিজ্য ব্যাহত হচ্ছিল। এখন গাব্দ-রিমদান দিয়ে সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় খোলা বাজারে এলপিজির দাম অনেকটাই বেড়ে যেতে পারে।

স্থানীয় ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনগুলো উদ্বেগ প্রকাশ করেছে, দীর্ঘ মেয়াদে এমন পরিস্থিতি থাকলে তা শুধু সরকারি রাজস্বের বিপুল ক্ষতি ও অসংখ্য মানুষের জীবিকা বিপন্নই করবে না, বরং দেশজুড়ে তীব্র একটি জ্বালানি সংকট তৈরি করতে পারে।

সূত্র: ডন

/এমএকে/