মধ্যপ্রাচ্যের অস্থিরতায় কমছে সবজি রপ্তানি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় কমছে সবজি রপ্তানি

আকাশপথে পণ্য পরিবহনের ব্যয় বৃদ্ধি, মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং খাদ্য নিরাপত্তাসংক্রান্ত বিধিনিষেধের কারণে কমেছে সবজি রপ্তানি থেকে আয়। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এ খাতের রপ্তানি আয় গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় ৭ শতাংশ কমেছে। রপ্তানিকারকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যে বিমান চলাচলের অনিশ্চয়তা অব্যাহত থাকলে আগামী প্রান্তিকে পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সবজি রপ্তানি করে বাংলাদেশ আয় করেছে ২ কোটি ৪০ লাখ ১০ হাজার ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২ কোটি ৫৭ লাখ ৯০ হাজার ডলার। ফলে এক বছরের ব্যবধানে রপ্তানি আয় কমেছে ১৭ লাখ ৮০ হাজার ডলার।

বাংলাদেশ ফল, সবজি ও এলাইড পণ্য রপ্তানিকারক সমিতির সাংগঠনিক সম্পাদক চৌধুরী আনোয়ার বলেন, বাংলাদেশের সবজির প্রধান বাজার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ ও ইউরোপ। তবে আঞ্চলিক সংঘাতের কারণে পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে। বিকল্প বাজারে সবজি পাঠাতেও রপ্তানিকারকদের সমস্যায় পড়তে হচ্ছে। এর সঙ্গে বিমান ভাড়ার অস্থিরতা, শ্রমিকের মজুরি বৃদ্ধি এবং কার্টনের দাম বেড়ে যাওয়ায় ব্যবসায়িক ব্যয় বাড়ছে।

বিমান পরিবহনবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান জেনেটা সূত্রে জানা গেছে, চলতি বছরের ২১ থেকে ২৭ সেপ্টেম্বর দক্ষিণ এশিয়া থেকে মধ্যপ্রাচ্যে বিমান কার্গো পরিবহনের স্পট রেট ফেব্রুয়ারির শেষ দিকের তুলনায় ৯১ শতাংশ বেশি ছিল। সেপ্টেম্বরে বৈশ্বিক বিমান কার্গোর গড় স্পট রেট কেজিপ্রতি ৩ দশমিক ১০ ডলারে পৌঁছায়। যা গত বছরের তুলনায় ২৭ শতাংশ বেশি।

সবজি রপ্তানিকারক প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেড লিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাওসার আহমেদ রুবেল বলেন, বিমান ভাড়া বৃদ্ধি, খাদ্য নিরাপত্তাসংক্রান্ত বিধিনিষেধ এবং বিমানবন্দরে হিমাগারের অভাব রপ্তানির বড় বাধা। গত বছর কেজিপ্রতি সবজি পরিবহনে বিমান ভাড়া ছিল ৪৯০ থেকে ৫০০ টাকা, বর্তমানে তা ৫৫০ টাকার বেশি। এছাড়া, রপ্তানিকৃত সবজিতে কীটনাশকের উপস্থিতি পাওয়ায় ইউরোপের বাজারে দেশি শিম ও জারা লেবুর রপ্তানি বাধার মুখে পড়েছে।

তিনি বলেন, নিরাপত্তা তল্লাশির পর পচনশীল সবজি বিমানে তোলার আগে তিন থেকে চার ঘণ্টা স্বাভাবিক তাপমাত্রায় পড়ে থাকে। পর্যাপ্ত হিমাগার না থাকায় এতে পণ্যের গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি তৈরি হয়।

বিকে ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোবাশ্শেরুর রহমান বলেন, আকাশপথে কানাডায় ১ কেজি সবজি পাঠানোর ভাড়া বেড়ে ৭৫০ থেকে ৮০০ টাকায় দাঁড়িয়েছে। লন্ডনেও ভাড়া ২৫০ টাকা থেকে বেড়ে ৭৫০ টাকার বেশি হয়েছে।

রপ্তানিকারকদের মতে, বাংলাদেশে বছরে দেড় কোটি টনের বেশি সবজি উৎপাদিত হলেও এর ০ দশমিক ৩ শতাংশেরও কম রপ্তানি হয়। পরিবহন ব্যয় কমানো, বিমানবন্দরে হিমাগার সুবিধা বাড়ানো এবং আন্তর্জাতিক মান বজায় রাখা গেলে এ খাতের রপ্তানি সম্ভাবনা কাজে লাগানো সম্ভব।

/এসবি/