শিরোনাম

আফগানিস্তানে বিমান হামলায় ২৬ জন নিহত, দাবি পাকিস্তানের

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
আফগানিস্তানে বিমান হামলায় ২৬ জন নিহত, দাবি পাকিস্তানের
পাকিস্তান-আফগানিস্তানের সীমান্ত এলাকা

আফগানিস্তানের সীমান্তবর্তী ৩টি প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছেন। বুধবার (১০ জুন) পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানিয়েছেন, ৪টি লক্ষ্যবস্তুতে এসব হামলা চালানো হয়।

এর আগে আফগান কর্তৃপক্ষ জানিয়েছিল, সীমান্তবর্তী ৩টি প্রদেশে পাকিস্তান বাহিনীর বিমান হামলায় ১৩ জন নিহত এবং ১৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১টি শিশু ও এক নারী রয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানান আফগান সরকারের মুখপাত্র মুজাহিদ। কুনার, খোস্ত ও পাক্তিকা প্রদেশে প্রাণহানির এই ঘটনা ঘটে। আফগান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

মঙ্গলবার (৯ জুন) গভীর রাতে চালানো এসব হামলা সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে সবচেয়ে প্রাণঘাতী। এর ফলে আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। কয়েক সপ্তাহ ধরে তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করছিল।

খোস্ত প্রদেশের এক কর্মকর্তা জানান, স্পেরা জেলার একটি বাড়িতে হামলা চালানো হয়। এতে ৯ জন নিহত এবং আরও ১০ জন আহত হন। প্রতিবেশী পাক্তিকা প্রদেশের বারমাল জেলায় আরেকটি হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথা জানান স্থানীয় দুই বাসিন্দা। তাদের একজন বলেন, একটি বাড়িতে বিমান হামলা হয় এবং নিহতরা ছিল শিশু।

একদিন আগেই আফগানিস্তান সীমান্তঘেঁষা পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের হাসান খেল এলাকায় একটি নিরাপত্তা চৌকিতে সন্দেহভাজন টিটিপি (তেহরিক-ই-তালেবান পাকিস্তান) সদস্যরা হামলা চালায়। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ওই হামলার পর তীব্র গোলাগুলিতে ফেডারেল কনস্ট্যাবুলারির ৬ সদস্য নিহত এবং আরও কয়েকজন আহত হন।

পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি সন্ত্রাসী হামলার জবাব দিতে এই হামলা চালানো হয়েছে।

২০২১ সালে তালেবান দ্বিতীয়বারের মতো আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে। গত ফেব্রুয়ারির শেষ দিকে পাকিস্তানের বিমান হামলার জবাবে আফগানিস্তান সীমান্ত পেরিয়ে হামলা চালানোর পর দুই দেশের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে।

পাকিস্তানের অভিযোগ, আফগানিস্তান এমন সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে যারা পাকিস্তানের ভেতরে প্রাণঘাতী হামলা চালায়। বিশেষ করে পাকিস্তান তালেবান বা টিটিপির সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে আফগানিস্তান।

তবে আফগান কর্মকর্তারা এই অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেন, পাকিস্তানই শত্রুভাবাপন্ন গোষ্ঠীগুলোকে আশ্রয় দেয় এবং আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে না।

জাতিসংঘ গত মে মাসে প্রকাশিত এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে সীমান্ত এলাকায় সংঘর্ষে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৯৭ জন।

/এফসি/