শিরোনাম

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ভারি বৃষ্টি ও বন্যা, নিখোঁজ ১

সিটিজেন ডেস্ক
নিউজিল্যান্ডের ওয়েলিংটনে ভারি বৃষ্টি ও বন্যা, নিখোঁজ ১
ছবি: সংগৃহীত

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অতিভারি বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দেশটির উত্তর দ্বীপজুড়ে টানা বৃষ্টিতে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত হয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, শহরের প্রধান সড়কগুলোতে পানি জমে গাড়ি তলিয়ে আছে, অসংখ্য গাছ উপড়ে পড়েছে এবং ভূমিধসের কারণে অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ওয়েলিংটনের মেয়র অ্যান্ড্রু লিটল জানিয়েছেন, সোমবার (২০ এপ্রিল) মাত্র এক ঘণ্টারও কম সময়ে রেকর্ড ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা পরিস্থিতিকে অস্বাভাবিক করে তুলেছে। আবহাওয়া অধিদপ্তর আগামী দেড় দিন আরও বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার কঠোর পরামর্শ দিয়েছে স্থানীয় প্রশাসন।

বন্যার কারণে ওয়েলিংটন বিমানবন্দরের বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং নিরাপত্তার খাতিরে বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন পর্যন্ত এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, তবে কারোরি এলাকায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

গত সপ্তাহে ঘূর্ণিঝড় ভাইনা উত্তর দ্বীপের ওপর দিয়ে বয়ে যাওয়ার রেশ কাটতে না কাটতেই এ আকস্মিক দুর্যোগের মুখে পড়ল দেশটি। মেয়র লিটল এক ভিডিও বার্তায় বলেছেন, পানির স্রোত এতটাই শক্তিশালী ছিল যে অনেক স্থানে ম্যানহোলের ঢাকনা উঠে গেছে এবং গাড়ি ভেসে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্তমানে নিচু এলাকায় বসবাসকারীদের আগামী ২৪ ঘণ্টার জন্য নিরাপদ স্থানে বা স্বজনদের বাড়িতে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে এবং দুর্গতদের জন্য ওয়েলিংটন সিটি মিশনে বিশেষ জরুরি আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও নিখোঁজ ব্যক্তির সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

সূত্র: বিবিসি

/এমএকে/