শিরোনাম

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্কতা যুক্তরাষ্ট্রের

নাগরিকদের পাকিস্তান ভ্রমণে সতর্কতা যুক্তরাষ্ট্রের
ছবি: সংগৃহীত

নিজেদের নাগরিকদের পাকিস্তান ভ্রমণ পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। নিরাপত্তাজনিত ঝুঁকি বেড়ে যাওয়ায় গত সোমবার (২৬ জানুয়ারি) পাকিস্তানের জন্য তাদের ট্রাভেল অ্যাডভাইজরি (ভ্রমণ সতর্কতা) হালনাগাদ করে এ সতর্কতা জারি করা হয়।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

হালনাগাদ সতর্কবার্তায় বলা হয়েছে, পাকিস্তানে অপরাধ, নাগরিক অস্থিরতা, সন্ত্রাসবাদ এবং অপহরণের ঝুঁকির কারণে দেশটিকে লেভেল-৩ ক্যাটাগরিতে রাখা হয়েছে। এই স্তরটি উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয় এবং নির্দেশ করে যে, এখানে যে কোনো সময় সন্ত্রাসী হামলার আশঙ্কা রয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, সম্ভাব্য হামলার লক্ষ্য হতে পারে পরিবহন কেন্দ্র, হোটেল, বাজার, শপিংমল, সামরিক ও নিরাপত্তা সংস্থা, বিমানবন্দর, ট্রেন, স্কুল, হাসপাতাল, উপাসনালয়, পর্যটন এলাকা এবং সরকারি ভবন। পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার কিছু অঞ্চলকে সর্বোচ্চ সতর্কতার স্তর হিসেবে লেভেল-৪: ‘ডু নট ট্রাভেল’ (ভ্রমণ করবেন না) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, লেভেল-৪ এলাকায় কোনো কারণেই ভ্রমণ না করার জন্য মার্কিন নাগরিকদের অনুরোধ জানানো হচ্ছে। সেখানে হত্যাচেষ্টা ও অপহরণের ঘটনা প্রায়ই ঘটে, বিশেষ করে সরকারি কর্মকর্তা ও সাধারণ নাগরিকদের লক্ষ্য করে। এই সতর্কতা পাকিস্তানি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, পাকিস্তানে অনুমতি ছাড়া বিক্ষোভ বা সমাবেশে অংশ নেওয়া আইনত নিষিদ্ধ। এমন কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে মার্কিন নাগরিকদের আটক হওয়ার ঘটনাও ঘটেছে।

পররাষ্ট্র দপ্তরের ব্যাখ্যায় বলা হয়েছে, লেভেল-৩ সতর্কতা গুরুতর নিরাপত্তা ঝুঁকির নির্দেশনা দেয়। এ ধরনের সতর্কতা জারি করা অঞ্চলে ভ্রমণ পরিকল্পনা নতুন করে বিবেচনার পরামর্শ দেওয়া হয়। আর লেভেল-৪ হলো সর্বোচ্চ সতর্কতা। এ ধরনের সতর্কতা জারি করা অঞ্চলে সব ধরনের ভ্রমণ নিরুৎসাহিত করা হয়।

/জেএইচ/