৪.৫ মাত্রার ভূমিকম্প কাঁপলো ইসরায়েল

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
৪.৫ মাত্রার ভূমিকম্প কাঁপলো ইসরায়েল
র‍্যামন বিমানবন্দর

বুধবার (১১ নভেম্বর) সকালে লোহিত সাগর ও ইলাত উপসাগরে ৪.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার পর ইসরায়েলের ইলাত ও এর আশপাশের দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে ভূমিকম্পের সতর্কতা জারি করা হয়েছে। কম্পন অনুভূত হওয়ার পরপরই ইলাত, ইলোত, বের ওরা, এলিফাজ, তিমনা খনি এবং শাহোরেত শিল্পাঞ্চলের বাসিন্দাদের সতর্ক করে দেওয়া হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ইসরায়েলের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা শুরুতে জানিয়েছিল, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৪ এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৮ কিলোমিটার নিচে। পরবর্তীতে দেশটির জ্বালানি ও অবকাঠামো মন্ত্রণালয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যের বরাতে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির প্রকৃত মাত্রা ছিল ৪.৫। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ সিনাইয়ের তাবা শহরের কাছে।

সতর্কবার্তা জারির পরপরই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে র‍্যামন বিমানবন্দর খালি করে ফেলা হয়। অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুক্ষণ পরই বিমানবন্দরটির কার্যক্রম আবার শুরু হয়। স্থানীয় সংবাদমাধ্যম এন১২ নিউজ জানিয়েছে, কম্পনের কারণে বিমানবন্দর এলাকায় কিছু ভাঙা কাচ পড়ে থাকতে দেখা গেছে।

ভূমিকম্পের পর স্থানীয় হোটেলগুলোতেও কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্লাব হোটেল ইলাতের কর্মী ওলগা স্থানীয় সংবাদমাধ্যম মারিভকে বলেন, নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন সবকিছু ঠিক আছে।” তিনি আরও যোগ করেন, সবাই নিরাপদ কক্ষে চলে গেছে। ব্যক্তিগতভাবে আমি কিছুই অনুভব করিনি।

একই ধরনের অভিজ্ঞতার কথা জানান দান ইলাত হোটেলের কর্মচারী হাভা। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে কিছুই অনুভব করিনি। আমরা একটি রেড অ্যালার্ট সাইরেন শুনেছি। সবাই ভালো আছে। আমরা হোটেলেই আছি।

ইসরায়েলে সর্বশেষ বড় ধরনের প্রাণঘাতী ভূমিকম্প হয়েছিল ১৯২৭ সালে। সিরিয়া-আফ্রিকা রিফ্ট বরাবর সংঘটিত সেই ভূমিকম্পে প্রায় ৩০০ জন প্রাণ হারিয়েছিলেন এবং আহত হয়েছিলেন আরও কয়েক হাজার মানুষ। ভূতাত্ত্বিক গবেষণা বলছে, এ অঞ্চলে প্রতি ১০০ বছর পরপর একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার ঝুঁকি থাকে।

বুধবারের এই কম্পন এবং সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিক ভূমিকম্পের কথা মাথায় রেখে দেশের অভ্যন্তরীণ প্রস্তুতি আরও জোরদার করার ঘোষণা দিয়েছে ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড। সংস্থাটি জানিয়েছে, বড় কোনো দুর্যোগ মোকাবিলায় তারা একটি জাতীয় পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে এবং আগামী ২০২৭ সালকে ‘ভূমিকম্প প্রস্তুতি বর্ষ’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সূত্র: জেরুজালেম পোস্ট

/এমএকে/