ইরানের পারমাণবিক তৎপরতা নিয়ে আমিরাতকে সতর্ক করলেন নেতানিয়াহু

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
 ইরানের পারমাণবিক তৎপরতা নিয়ে আমিরাতকে সতর্ক করলেন নেতানিয়াহু
পিকঅ্যাক্স মাউন্টেন-এ ইরানের তৎপরতা ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু (ইনসেটে)

আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে ইরানের পারমাণবিক তৎপরতা নিয়ে নতুন তথ্য দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনঞ্জামিন নেতানিয়াহু। সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত বৈঠকে তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরায়েলের এক উচ্চপদস্থ কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, বৈঠকে নেতানিয়াহু ইরানের পারমাণবিক প্রকল্পের অগ্রগতির নানা দিক তুলে ধরেন। এর মধ্যে তেহরান থেকে প্রায় ২২৫ কিলোমিটার দক্ষিণের একটি পাহাড়ি এলাকা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ নতুন করে চলা নির্মাণকাজের বিষয়টিও স্থান পায়। ধারণা করা হচ্ছে, ইরানের পরমাণু কর্মসূচি পুনরুদ্ধারের প্রচেষ্টায় জায়গাটি বড় ভূমিকা রাখতে পারে। তবে এ পাহাড়ি এলাকায় বর্তমানে সরাসরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ চলছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে নিশ্চিত করে কিছু বলা হয়নি।

ইরানের পারমাণবিক ইস্যু ছাড়াও বৈঠকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকট নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। বিশেষ করে ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব এবং হরমুজ প্রণালির বর্তমান পরিস্থিতিও গুরুত্ব পেয়েছে দুই নেতার আলোচনায়।

সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আবুধাবির বৈঠকে সৌদি আরবের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাও উপস্থিত ছিলেন। যদিও বৈঠকের পর প্রকাশিত আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য অস্বীকার করেছে সৌদি আরব। এর বাইরেও বৈঠকে মিসরসহ মোট দশটি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

সূত্র: সিএনএন

/এমএকে/