আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
আরও একটি মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিতের দাবি ইরানের
মার্কিন এমকিউ-১ ড্রোন

হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে মার্কিন তৈরি একটি এমকিউ-১ ড্রোন প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আধা-সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ আইআরজিসির বরাতে এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসি জানায়, সিরিক উপকূলীয় এলাকার বিপরীতে হরমুজ প্রণালির পূর্ব আকাশে ড্রোনটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে শনাক্ত করা হয় এবং তা ধ্বংস করা হয়। চালকবিহীন এ আকাশযানটি মার্কিন প্রযুক্তিতে তৈরি হলেও ড্রোনটি ঠিক কারা পরিচালনা করছিল, সে বিষয়ে বিবৃতিতে স্পষ্ট করে কিছু বলা হয়নি।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে আক্রমণের জল্পনা-কল্পনার মধ্যেই এ ড্রোন ভূপাতিতের ঘটনা সামনে এলো। প্রভাবশালী মার্কিন মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের পর তেহরানের বিরুদ্ধে একটি স্বল্পমেয়াদী ও তীব্র সামরিক অভিযানের জন্য প্রস্তুত হতে মধ্যপ্রাচ্যের মিত্রদেশগুলোকে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন ।

এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা করলে, পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যজুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান। এতে বিশ্ব জ্বালানি সরবরাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি কার্যকরভাবে বন্ধ হয়ে যায়।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/