তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা-গাফিলতি রয়েছে: জামায়াত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা-গাফিলতি রয়েছে: জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

সাবেক বিমানবাহিনী কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির লাশ তুরাগ নদ থেকে উদ্ধারের ঘটনায় গভীর উদ্বেগ ও চরম ক্ষোভ প্রকাশ করছি। একই সঙ্গে তিনি নিহত তাহসিফ সাউরির রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন সাবেক সামরিক কর্মকর্তার লাশ নদ থেকে উদ্ধারের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর ভূমিকা নিয়ে দেশবাসীর মনে গুরুতর প্রশ্ন তৈরি হয়েছে। এ ঘটনার দায় এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মৃত্যুর ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর চরম ব্যর্থতা ও গাফিলতি রয়েছে।

তিনি বলেন, যেসব গোয়েন্দা সংস্থা বিমানবাহিনীর একজন সাবেক কর্মকর্তার জীবনের নিরাপত্তা দিতে পারে না, তারাই আবার বিরোধী দলের নেতাদের নামে আজগুবি, ভুয়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে দেশবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এটা হাস্যকর ছাড়া আর কিছুই নয়।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, একজন নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। তাহসিফ সাউরির মৃত্যুর প্রকৃত কারণ, কী পরিস্থিতিতে তার মৃত্যু হয়েছে এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে।

অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। একইসঙ্গে তদন্তে কোনো কর্মকর্তা বা সংস্থার দায়িত্বে অবহেলা কিংবা অপরাধে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নিতে হবে বলেও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, রাষ্ট্রীয় দায়িত্বে অবহেলা করে কেউ দায়মুক্তি পেতে পারেন না। তাহসিফ সাউরির পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়, রাষ্ট্রকে তা নিশ্চিত করতে হবে।

/এসবি/