শিরোনাম

হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত

সিটিজেন ডেস্ক
হিজবুল্লার ড্রোন হামলায় ইসরায়েলি সেনা নিহত
নিহত ইসরায়েলি সেনা অ্যাডাম জারফাতি। ছবি: সিটিজেন গ্রাফিক্স

গত কয়েকদিন ধরে লেবাননে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাল্টা জবাব দিচ্ছে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও। এর ফলে ইসরায়েলি সৈন্যদের প্রাণহানির ঘটনা ঘটছে। এবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ড্রোন হামলায় এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এছাড়া আরও তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)।

সোমবার (১ জুন) সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিহত সেনার পরিচয় প্রকাশ করেছে আইডিএফ। ওই সেনার নাম স্টাফ সার্জেন্ট অ্যাডাম জারফাতি। তার বয়স ২০ বছর। তিনি কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটের সদস্য ছিলেন। তিনি রোশ হা-আইন এলাকার বাসিন্দা ছিলেন।

আইডিএফ জানিয়েছে, স্থানীয় সময় রাত প্রায় ১টার দিকে একটি বিস্ফোরকবোঝাই ফার্স্ট-পার্সন ভিউ (এফপিভি) ড্রোন দিয়ে দক্ষিণ লেবাননের ইয়োহমোর শহরে আঘাত হানে। এতে অ্যাডাম জারফাতি নিহত হন। এছাড়া আরও ৩ সেনা আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

আইডিএফ আরও জানিয়েছে, ইসরায়েলি সেনারা ওই এলাকায় অভিযান চালাচ্ছিলেন। স্থানটি ঐতিহাসিক বউফোর্ট দুর্গের কাছাকাছি।

পরে হেলিকপ্টারে করে আহত সেনাদের হাসপাতালে নেওয়া হয়েছে। বিষয়টি তাদের পরিবারের সদস্যদের জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/