শিরোনাম
এক্সপ্লেইনার

ট্রাম্পের দাবি ‘খুবই জনপ্রিয়’, জনগণ বলছে ভিন্ন কথা

সিটিজেন ডেস্ক
ট্রাম্পের দাবি ‘খুবই জনপ্রিয়’, জনগণ বলছে ভিন্ন কথা

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল সামরিক অভিযানকে ‘খুবই জনপ্রিয়’ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আমেরিকান জনগণ এই যুদ্ধকে সমর্থন করছে। তবে নতুন কয়েকটি জনমত জরিপে উঠে এসেছে সম্পূর্ণ ভিন্ন চিত্র।

সাম্প্রতিক জরিপগুলোতে দেখা যাচ্ছে, অধিকাংশ মার্কিন নাগরিক ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর সিদ্ধান্তকে সমর্থন করছেন না। বরং অনেকেই মনে করছেন, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছিল ভুল পদক্ষেপ।

গতকাল প্রকাশিত নিউইয়র্ক টাইমস ও সিয়েনা কলেজ পরিচালিত এক যৌথ জরিপে দেখা গেছে, ৬৪ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানের সঙ্গে যুদ্ধে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প ভুল করেছেন।

দলীয় বিভাজনের ভিত্তিতে জরিপ বিশ্লেষণ করলে দেখা যায়, রিপাবলিকান সমর্থকদের মধ্যেও উল্লেখযোগ্য অংশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। জরিপ অনুযায়ী, ২২ শতাংশ রিপাবলিকান, ৯৩ শতাংশ ডেমোক্র্যাট এবং ৭৩ শতাংশ নির্দলীয় ভোটার মনে করেন, যুদ্ধে জড়ানো ছিল অযৌক্তিক সিদ্ধান্ত।

অন্যদিকে গত সপ্তাহে প্রকাশিত রয়টার্স ও ইপসোস-এর জরিপেও যুদ্ধ নিয়ে জনঅসন্তোষের ইঙ্গিত পাওয়া গেছে। সেখানে ৫৩ শতাংশ আমেরিকান বলেছেন, ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কোনো সুস্পষ্ট কৌশল নেই। একই জরিপে অংশ নেওয়া প্রায় তিন-চতুর্থাংশ উত্তরদাতা দেশে জ্বালানির দাম বৃদ্ধির জন্য প্রশাসনকে দায়ী করেছেন।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি এবং অর্থনৈতিক চাপ—দুটিই এখন মার্কিন প্রশাসনের জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠছে। বিশেষ করে গ্যাসের মূল্যবৃদ্ধি ও অনিশ্চয়তা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে।

এদিকে এনওয়াইটি/সিয়েনার সর্বশেষ জরিপে ট্রাম্পের জনপ্রিয়তার হারও কমে গেছে। জরিপ অনুযায়ী, বর্তমানে তার অনুমোদনের হার ৩৭ শতাংশে নেমে এসেছে, যা তার বর্তমান মেয়াদের মধ্যে সর্বনিম্ন।

রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, ইরান ইস্যুতে বিতর্ক এবং যুদ্ধের প্রভাবই জনসমর্থন কমে যাওয়ার অন্যতম কারণ হতে পারে।

সূত্র: আল জাজিরা

/এমআর/