মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা
ফাতিমা জাহরা এল মানসুরি

মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হলেন দেশটির নগর পরিকল্পনামন্ত্রী ফাতিমা জাহরা এল মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী নারী আইনজীবীকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন।

রাজপ্রাসাদের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত মারাকেশের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করা মানসুরিকে নতুন সরকার গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনে ভোটের ফল প্রকাশের চার দিন পর এ ঘোষণা দেওয়া হলো। ওই নির্বাচনে ফাতিমার মধ্যপন্থী দল অথেনটিসিটি অ্যান্ড মডার্নিটি পার্টি (পিএএম) সবচেয়ে বেশি ভোট পেয়েছে।

তবে, মরক্কোর নির্বাচনি ব্যবস্থায় কোনো একক রাজনৈতিক দলের পক্ষে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা কঠিন হওয়ায় আগামী কয়েক দিনের মধ্যে তাকে একটি জোট সরকার গঠন করতে হবে বলে ধারণা করা হচ্ছে। এর মধ্য দিয়ে আরব বিশ্বে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা দ্বিতীয় নারী হলেন মানসুরি।

এর আগে, তিউনিসিয়ায় নাজলা বাউডেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মরক্কোর সংবিধান অনুযায়ী, রাজা দেশটির সর্বোচ্চ ক্ষমতার অধিকারী এবং প্রধানমন্ত্রী নিয়োগ করেন। তবে তাকে সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি আসন পাওয়া দলের একজন প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে হয়। ২০১১ সালের আগে রাজা কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই প্রধানমন্ত্রী নিয়োগ করতে পারতেন।

/এফআর/