শিরোনাম

সম্মান রক্ষার্থে ইরান যুদ্ধ বন্ধ করুন: ইইউ

সিটিজেন ডেস্ক
সম্মান রক্ষার্থে ইরান যুদ্ধ বন্ধ করুন: ইইউ
তেহরানে টানানো একটি ব্যানারে দক্ষিণ ইরানের একটি মেয়েদের স্কুলে হামলার শিকারদের উদ্দেশ্যে লেখা বার্তা এবং জেফরি এপস্টিনকে উল্লেখ করে ইরানি ক্ষেপণাস্ত্রের চিত্র তুলে ধরা হয়েছে। ছবি: সংগৃহীত

ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন, যাতে ‘সব পক্ষেরই সম্মান রক্ষা পায়’।

ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কাজা কাল্লাস বলেন, এই সংঘাতের অবসান বিশ্ববাসীর স্বার্থে জরুরি। তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ শুরু করা যত সহজ, তা থামানো তত কঠিন এবং অনেক সময় তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, উপসাগরীয় দেশ এবং জর্ডান ও মিশরের সঙ্গে আলোচনা চলছে, যেন ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে এই সংকট থেকে বের করে আনার জন্য একটি সমাধান প্রস্তাব করা যায়। যাতে সব পক্ষের সম্মান রক্ষা পায়।

কাল্লাস আরও বলেন, ইরানের হামলায় অচল হয়ে পড়া গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা পুনঃস্থাপনে সহায়তা করার বিষয়টিও বিবেচনা করছে ইউরোপীয় ইউনিয়ন।

এদিকে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, জাপান ও অস্ট্রেলিয়া হরমুজ প্রণালি পুনরায় চালুর মিশনে অংশ নেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছে। তারা আশঙ্কা করছে, এতে বৃহত্তর যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

এদিকে উপসাগরীয় দেশগুলোর মধ্যস্থতার চেষ্টা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান এখনো আলোচনায় বসার কোনো আগ্রহ দেখায়নি।

নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি এক গোপন বৈঠকে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘নতি স্বীকারে বাধ্য না করা পর্যন্ত’ তিনি কোনো শান্তি প্রস্তাব বিবেচনা করবেন না।

সূত্র: দ্য টেলিগ্রাফ

/জেএইচ/