শিরোনাম

মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ চাইলো ইরান

সিটিজেন ডেস্ক
মধ্যপ্রাচ্যের ৫ দেশের কাছে ক্ষতিপূরণ চাইলো ইরান
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ধ্বংসস্তুপ। ছবি: সংগৃহীত

ইরানে হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সহযোগিতা করায় মধ্যপ্রাচ্যে ৫ উপসাগরীয় দেশের কাছে ক্ষতিপূরণ চেয়েছে তেহরান। দেশগুলো হলো- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান।

স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতি জামাল ফারেস আলরোয়াইয়িকে লেখা এক চিঠিতে এই ক্ষতিপূরণ দাবি করেন জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি।

চিঠিতে তিনি দাবি করেছেন, ঐ রাষ্ট্রগুলো ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলায় সহায়তা করার মাধ্যমে ‘তাদের আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে’।

‘তাই যুদ্ধে ক্ষয়ক্ষতির দায় তাদের ওপরও বর্তায়। এ কারণে ইরানের সরকার এই ৫ রাষ্ট্রের কাছ থেকে ক্ষতিপূরণ চাইছে,’ বলেন তিনি।

তবে জাতিসংঘ মহসচিব এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের দপ্তর থেকে এখন পর্যন্ত চিঠির জবাব দেওয়া হয়নি।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে গত দুই যুগ ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তেহরানের দ্বন্দ্ব চলছে। এ দুই ইস্যুতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে তেহরান-ওয়াশিংটনের মধ্যে সংলাপ চলে। তবে ২৭ ফেব্রুয়ারি কোনোপ্রকার সমঝোতা চুক্তি ছাড়াই সংলাপ শেষ হয়।

এর পরদিন (২৮ ফেব্রুয়ারি) ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েলও।

বিশ্বের ক্ষমতাধর দুই দেশের যৌথ হামলার প্রথম দিনই নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলি খামেনিস ৪০ জনের অধিক অধিক গুরুত্বপূর্ণ এবং জ্যেষ্ঠ কর্মকর্তা।

প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। এরপর গত ৭ এপ্রিল দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সূত্র : আনাদোলু এজেন্সি

/জেএইচ/