শিরোনাম

ইরাকের মিলিশিয়াদের ওপরও হামলা চালায় সৌদি

সিটিজেন ডেস্ক
ইরাকের মিলিশিয়াদের ওপরও হামলা চালায় সৌদি
সৌদি আরবের যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ভূমিকা নিয়ে চাঞ্চল্যকার তথ্য বেরিয়ে আসছে। যুদ্ধের সময় সৌদি আরব গোপনে ইরানে একাধিকবার হামলা চালিয়েছিল বলে জানায় পশ্চিমা দুই কর্মকর্তা। এবার ইরাকে তেহরান-সমর্থিত শিয়া মিলিশিয়াদের ওপরও রিয়াদের হামলার খবর সামনে এলো।

এ বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধের সময় ইরাকের মিলিশিয়াদের সঙ্গে সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে বোমা হামলা চালিয়েছিল সৌদি আরব। কুয়েত থেকেও ইরাকে হামলা চালানো হয় বলে জানান ওই কর্মকর্তারা।

ইরানের ওপর মার্কিন-ইসরায়েলি হামলার মধ্যে এই ঘটনা ঘটে। যা এতদিন গোপন ছিল।

এ বিষয়ে রয়টার্স তিনজন ইরাকি নিরাপত্তা ও সামরিক কর্মকর্তা, একজন পশ্চিমা কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত দুই কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন, যাদের মধ্যে একজন যুক্তরাষ্ট্রে কর্মরত।

একজন পশ্চিমা কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে অবগত এক ব্যক্তি জানিয়েছেন, সৌদির বিমান বাহিনী দেশটির উত্তর সীমান্তের কাছে ইরাকে ইরান-সংশ্লিষ্ট মিলিশিয়া লক্ষ্যবস্তুতে এই হামলাগুলো চালায়। ওই কর্মকর্তা বলেন, ৭ এপ্রিল যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির কাছাকাছি সময়ে কয়েকটি হামলা চালানো হয়।

সূত্রগুলো জানিয়েছে, যে স্থান থেকে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছিল, তারা সেইসব স্থানকে লক্ষ্যবস্তু করে।

ইরাকি সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে, কুয়েতের ভূখণ্ড থেকে ইরাকের ওপর অন্তত দুইবার রকেট হামলা চালানো হয়। তারা আরও জানায়, এপ্রিলে চালানো এক হামলায় দক্ষিণ ইরাকে মিলিশিয়াদের লক্ষ্যবস্তু করা হয়। এতে বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়। এছাড়াও ইরান-সমর্থিত মিলিশিয়া কাতাইব হিজবুল্লাহর যোগাযোগ ও ড্রোন পরিচালনার জন্য ব্যবহৃত একটি স্থাপনা ধ্বংস হয়ে যায়।

তবে কুয়েত থেকে ছোড়া রকেটগুলো কুয়েতের সশস্ত্র বাহিনী, নাকি সেখানে উপস্থিত থাকা মার্কিন সামরিক বাহিনী করেছে সেটা নিশ্চিত হতে পারেনি রয়টার্স। মার্কিন সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। কুয়েতের তথ্য মন্ত্রণালয় এবং ইরাকি সরকার মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, সৌদি আরব এই অঞ্চলের স্থিতিশীলতা, নিরাপত্তা ও সমৃদ্ধির লক্ষ্যে উত্তেজনা প্রশমন ও আত্মসংযম কামনা করে। কিন্তু তিনি ইরাকের ওপর হামলার বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইরাকের কাতাইব হিজবুল্লাহর একজন মুখপাত্রও মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।

এর আগে মঙ্গলবার রয়টার্স জানায়, যুদ্ধের সময় সৌদি আরবের ওপর হামলার প্রতিশোধ হিসেবে ইরানে সরাসরি হামলা চালিয়েছিল রিয়াদ। এটিই সৌদি আরব থেকে চালানো প্রথম কোনো হামলা। বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি জানিয়েছেন, সংযুক্ত আরব আমিরাতও ইরানের ওপর একই ধরনের হামলা চালায়।

সূত্র: রয়টার্স

/জেএইচ/