সৌদিতে হুথিদের হামলায় এক বাংলাদেশি নিহত

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সৌদিতে হুথিদের হামলায় এক বাংলাদেশি নিহত
সৌদি আরবে নিহত সজিব

সৌদি আরবের পূর্বাঞ্চলে আল খুরাইস এলাকায় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর এক স্থাপনায় হুথি বিদ্রোহীদের হামলায় এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মো. সজিব হোসেন এবং তার বাড়ি কুমিল্লা জেলায়।

সোমবার (৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, রবিবার (৪ অক্টোবর) হুথিদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোনের আঘাতে প্রাণ হারান সজিব। এ ঘটনায় গভীর শোক প্রকাশ ও হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি মন্ত্রণালয় আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যেই মৃতের পরিবারের সদস্য ও নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করেছে। পরিবারকে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা দেয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তার মরদেহের আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নকরণ ও দেশে পাঠানোর বিষয়ে দূতাবাস সৌদি কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করছে।

/এমএকে/