শিরোনাম

ইসরায়েলে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা

সিটিজেন ডেস্ক
ইসরায়েলে ইরানের তীব্র ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ছবি: সংগৃহীত

ইসরায়েলের বিভিন্ন এলাকায় তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলার জেরে জেরুজালেম, মধ্য ও দক্ষিণ ইসরায়েলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে একাধিক সতর্ক সংকেত (সাইরেন) বাজানো হয়েছে। পরিস্থিতি বিবেচনায় সম্ভাব্য প্রাণহানি এড়াতে কর্তৃপক্ষ সাধারণ নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

প্রাথমিক প্রতিবেদনে ধারণা করা হচ্ছে, হামলায় ইরান প্রাণঘাতী ‘ক্লাস্টার’ বা গুচ্ছ-বোমা ব্যবহার করে থাকতে পারে, যা মূল আঘাতের সময় ছোট ছোট অসংখ্য বোমায় বিভক্ত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায়। এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ৮টি স্থানে এ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরক পড়ে ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে এসব ধ্বংসযজ্ঞ ও ক্ষয়ক্ষতির একাধিক ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

এদিকে, হামলার শুরুতে উত্তর ইসরায়েলের বেশ কিছু এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজানো হলেও পরবর্তীতে পরিস্থিতির উন্নতি হওয়ায় তা তুলে নেওয়া হয়। সেখানকার বাসিন্দাদের ইতোমধ্যে শেল্টার বা নিরাপদ আশ্রয় থেকে বেরিয়ে আসার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গতকাল রবিবার (২২ মার্চ) থেকেই ইসরায়েলে বহুমুখী হামলা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তর ইসরায়েল এখন শুধু ইরানের সরাসরি ক্ষেপণাস্ত্র হামলারই নয়, বরং লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহরও নিয়মিত লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

সূত্র: আল-জাজিরা

/এমএকে/