আমরা নিপীড়িতদের পক্ষে: পেজেশকিয়ান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
আমরা নিপীড়িতদের পক্ষে: পেজেশকিয়ান

নিউইয়র্ক সফর শেষে দেশে ফিরে নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, ইরান আন্তর্জাতিক আইন ও নিজেদের আন্তর্জাতিক অঙ্গীকারের কাঠামোর মধ্য থেকেই দেশের অধিকার রক্ষা করবে। কোনো অবস্থাতেই অন্যের ইচ্ছা চাপিয়ে দেওয়া বিষয় মেনে নেবেন না।

পেজেশকিয়ান জানান, নিউইয়র্ক পৌঁছানোর পর মার্কিন প্রেসিডেন্টের একটি বক্তব্য তাদের নজরে আসে, যা জাতিসংঘ সাধারণ পরিষদে তাদের বক্তব্যের দৃষ্টিভঙ্গিকে কিছুটা প্রভাবিত করেছিল। এর ফলশ্রুতিতে তারা আরও স্পষ্ট ভাষায় নিজেদের বিশ্বাস ও দেশের জনগণের মূল্যবোধ তুলে ধরেছেন। বিভিন্ন বৈঠক ও আলোচনায় ইরানের প্রতি অবিচার এবং যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের কথিত আগ্রাসন ও কর্মকাণ্ডের বিষয়টি জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করেছেন।

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, একদিকে অবকাঠামো, সাধারণ মানুষ, বিজ্ঞানী ও বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হবে, অন্যদিকে মানবাধিকারের পক্ষে থাকার দাবি করা হবে- এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে যেসব নিষেধাজ্ঞা সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলে, সেগুলোকে তারা ইরানি জনগণের বিরুদ্ধে এক ভয়াবহ পদক্ষেপ হিসেবে দেখছেন।

সফরের সময় মার্কিন ও ইসরায়েলি হামলায় ইরানে হওয়া ক্ষয়ক্ষতি এবং সংঘটিত অপরাধের তথ্য তুলে ধরে একটি পুস্তিকা প্রকাশ ও বিতরণের কথাও উল্লেখ করেন পেজেশকিয়ান। তিনি সঙ্গে জানান, বৈঠকগুলোতে তারা নিজেদের পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত জনগণ এবং আগ্রাসনের শিকার অন্য দেশগুলোর অধিকার ও দুর্দশার পক্ষেও সোচ্চার ছিলেন।

সূত্র: পার্স টুডে

/এমএকে/