শিরোনাম

হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
হামলা বন্ধে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান
যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইনে ইরানের পাল্টা হামলায় ক্ষতিগ্রস্ত মুহাররাকের একটি আবাসিক ভবনে দেশটির উদ্ধারকর্মীরা কাজ করছেন, ২৮ জুন, ২০২৬। ছবি: রয়টার্স

গত কয়েক দিনের টানা উত্তেজনার পর পাল্টাপাল্টি হামলা বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওস এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) কাতারের রাজধানী দোহায় দুই দেশ পুনরায় আলোচনা শুরু করবে বলেও জানিয়েছেন ওই কর্মকর্তা।

হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলার ঘটনাকে ঘিরে নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা তৈরি হয়। এর প্রতিশোধ হিসেবে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ওয়াশিংটন। পাল্টা ব্যবস্থা হিসেবে রবিবার ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, যুদ্ধবিরতির চুক্তি মেনে না চললে ইরানের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে।

এদিকে ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হরমুজ প্রণালিতে যান চলাচল এবং জাহাজগুলো থেকে টোল আদায়ের অধিকারে হস্তক্ষেপ করার চেষ্টার মাধ্যমে সমঝোতা স্মারকের শর্ত লঙ্ঘন করছে বলে অভিযোগ তুলেছে।

অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন কর্মকর্তারা বলেছেন, উভয় পক্ষের হামলা আপাতত বন্ধ থাকবে এবং হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলকে কেন্দ্র করে এক নতুন দফা কারিগরি আলোচনা অনুষ্ঠিত হবে। এই আলোচনা কতদিন চলবে তা স্পষ্ট নয়। তবে এই ইঙ্গিত দেয় যে, যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে নির্ধারিত ৬০ দিনের আলোচনা পর্ব অব্যাহত থাকবে।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/