শিরোনাম

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ১১

সিটিজেন ডেস্ক
লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত ১১
লেবাননে ইসরায়েলি হামলার পর ধোয়ার কুণ্ডুলি। ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, বুধবার (২৯ এপ্রিল) ভোরে হানিন শহরে বিমান হামলা চালিয়ে কয়েকটি বাড়ি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী।

এর আগে নাকুরা এলাকায় রাতভর বিস্ফোরণের শব্দ শোনা যায়। একইসঙ্গে খিয়াম শহরেও বিমান হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে।

এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) মঙ্গলবার দক্ষিণ লেবাননে চালানো তাদের হামলার সর্বশেষ পরিস্থিতি প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী তিনজন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া অঞ্চলজুড়ে গোষ্ঠীটির অবকাঠামোতে বোমা হামলা চালানো হয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনী কর্তৃক ঘোষিত তথাকথিত ‘ইয়েলো লাইন’-এর উত্তরে তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার বাইরেও বেশ কয়েকটি জায়গায় হামলা চালানো হয়েছে।

আইডিএফ জানিয়েছে, একটি ঘটনায় একজন ইসরায়েলি সৈন্য ‘সামান্য আহত হন এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়’।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে তিনজন প্যারামেডিকসহ অন্তত ১১ জনকে হত্যা করেছে।

উল্লেখ্য, গত ২৩ এপ্রিল ইসরায়েল ও লেবাননের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ তিন সপ্তাহের জন্য বৃদ্ধি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহও।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/