হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
হুমকি-নিষেধাজ্ঞায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি থামবে না: আইআরজিসি প্রধান
আইআরজিসি কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদি

হুমকি কিংবা নিষেধাজ্ঞা দিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কোনোভাবেই থামানো যাবে না বলে মন্তব্য করেছেন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদি। তার মতে, রক্ত ও অটল বিশ্বাসের ওপর ভর করেই এ অগ্রযাত্রা চলতে থাকবে।

দেশটির মহাকাশ দিবস উপলক্ষে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এসব কথা বলেন। ভাহিদি উল্লেখ করেন, প্রতি বছর এ দিনটি সেই মানুষটির কথা মনে করিয়ে দেয়, যিনি ইসলামি ইরানের জন্য আকাশ মসৃণ করেছিলেন।

কোনো ধরনের রসদ ছাড়াই কেবল সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা রেখে ইরানের প্রথম ক্ষেপণাস্ত্র তৈরি করা তেহরানি মোগাদ্দামকে স্মরণ করেন এই শীর্ষ সামরিক কর্মকর্তা। তিনি জানান, বর্তমানে ইরানের যোদ্ধারাও ঠিক সেই একই চেতনা ধারণ করে পাহাড়ের গভীরে এবং ভূগর্ভে নিজেদের সামরিক শক্তি গড়ে তুলছেন।

শত্রুদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে ভাহিদি বলেন, তাদের জেনে রাখা উচিত যে শহীদ তেহরানি মোগাদ্দামের পথ হুমকি বা নিষেধাজ্ঞা দিয়ে থামানো যায় না, এবং এই পথ রক্ত ​​ও বিশ্বাসের মধ্য দিয়ে অব্যাহত থাকে।

শহীদ তেহরানি মোগাদ্দাম, শহীদ আমির আলী হাজিজাদেহ ও মাহমুদ বাঘেরিসহ সব সহযোদ্ধা শহীদের আত্মত্যাগের প্রতি স্যালুট জানান তিনি। একই সঙ্গে অ্যারোস্পেস ফোর্সকে তাদের এ পথচলা অব্যাহত রাখার আহ্বান জানান।

সূত্র: মেহের নিউজ এজেন্সি

/এমএকে/