শিরোনাম

ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত শতাধিক

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইয়েমেনে হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত শতাধিক
ইয়েমেনের সরকারি বাহিনীর সদস্যরা

ইয়েমেনের তাইজ ও হোদাইদা প্রদেশে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘাত আরও তীব্র ‌আকার ধারণ করেছে। গত দুই দিনে লড়াইয়ে দুই পক্ষের অন্তত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। সংঘাতের এই রেষ ছড়িয়ে পড়েছে বেসামরিক এলাকায়ও। লোহিত সাগর তীরবর্তী মোখা বন্দরের একটি রেস্তোরাঁয় হুতিদের হামলায় প্রাণ গেছে সাধারণ মানুষের।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) শুরু হওয়া এ সংঘর্ষ এখনো থামেনি। সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক তথ্যে হুতি বিদ্রোহীদের একটি সূত্র এই ব্যাপক প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে যুদ্ধক্ষেত্রের বাইরেও সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, মোখা শহরের ওই রেস্তোরাঁয় হুতিদের হঠাৎ হামলায় বেশ কয়েকজন সাধারণ মানুষ নিহত হয়েছেন। তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে কিছু জানানো হয়নি।

দীর্ঘদিন ধরেই রাজধানী সানাসহ ইয়েমেনের প্রায় অর্ধেক এলাকা হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে, আর বাকি অংশ শাসন করছে সরকারি বাহিনী। হুতিদের পেছনে শুরু থেকেই অস্ত্র ও আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে ইরান। অন্যদিকে সৌদি আরবসহ আঞ্চলিক জোটের প্রত্যক্ষ সমর্থনে লড়ে যাচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনী।

সূত্র: আল জাজিরা

/এমএকে/