সংঘাত বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সংঘাত বন্ধে নতুন প্রস্তাব দিয়েছে ইরান: পুতিন
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

মধ্যপ্রাচ্যের চলমান সংকট নিরসনে তেহরানকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুর্কমেনিস্তানের তুর্কমেনবাশিতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট এই ঘোষণা দেন।

ক্রেমলিনের তথ্য অনুযায়ী, ইরান চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে বেশ কিছু সুনির্দিষ্ট উদ্যোগ গ্রহণ করেছে এবং নতুন প্রস্তাব দিয়েছে।

দুই নেতার বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক উঠে আসে। পুতিন জানান, ২০২৫ সালের শুরুতে স্বাক্ষরিত কৌশলগত অংশীদারিত্ব চুক্তির হাত ধরে রাশিয়া ও ইরানের সম্পর্ক এখন দারুণ ইতিবাচক। তিনি বলেন, গত বছর দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য একুশ শতাংশের বেশি বেড়েছে এবং চলতি বছরের প্রথম ৭ মাসেও সে ধারা অব্যাহত রয়েছে।

বৈঠকে রাশিয়ার সমর্থনের জন্য পুতিনকে ধন্যবাদ জানান পেজেশকিয়ান। তিনি বলেন, বাণিজ্য, অর্থনীতি থেকে শুরু করে মানবিক ক্ষেত্র- সব জায়গাতেই দুই দেশের সম্পর্ক দিন দিন প্রসারিত হচ্ছে। পারস্পরিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির অধীনে সম্পর্ক আরও উঁচুতে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট রাজনৈতিক সদিচ্ছা দুই দেশেরই রয়েছে।

এ সময় মার্কিন নীতির কড়া সমালোচনা করেন পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের আচরণের নিন্দা জানিয়ে তিনি বলেন, নিজেদের অধিকার পুরোপুরি সুরক্ষিত রেখেই যত দ্রুত সম্ভব এ যুদ্ধের অবসান ঘটাতে চায় ইরান। তিনি জানান, মার্কিন পক্ষের সঙ্গে ইতোমধ্যে বিভিন্ন বিষয়ে পরোক্ষভাবে মতবিনিময় হয়েছে এবং যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে, ইরান সেখানে প্রয়োজনীয় সংশোধন এনেছে। এ উদ্যোগগুলো চূড়ান্ত রূপ পাওয়ার পর মধ্যস্থতাকারীদের মাধ্যমেই আলোচনা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

সূত্র: সিনহুয়া

/এমএকে/