শিরোনাম

মোজতবা খামেনির সঙ্গে ট্রাম্পের বৈঠক ‘অসম্ভব’: আরাঘচি

সিটিজেন ডেস্ক
মোজতবা খামেনির সঙ্গে ট্রাম্পের বৈঠক ‘অসম্ভব’: আরাঘচি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি (বাঁয়ে) ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে)। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

মোজতবা খামেনির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিপক্ষীয় বৈঠকের আগ্রহকে সম্পূর্ণ 'অবাস্তব' আখ্যা দিয়ে তা সরাসরি নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান দীর্ঘমেয়াদি উত্তেজনার মাঝেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাথে ট্রাম্পের এ সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি নাকচ করলো ইরান।

সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, পরিস্থিতি কীভাবে সামনে এগোয় তার ওপর নির্ভর করে ভবিষ্যতে কোনো একসময় তাদের দেখা হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এ মন্তব্যের জবাবে লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি জানান, এমন বৈঠকের কোনো বাস্তবসম্মত ভিত্তি নেই। সবাইকে কল্পনাবিলাস বাদ দিয়ে বাস্তবতার মাটিতে দাঁড়িয়ে চিন্তা করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলায় সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর মার্চ মাসে মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই ভয়াবহ হামলার সময় আলি খামেনির একই ভবনের অন্য অংশে অবস্থান করায় অলৌকিকভাবে অক্ষত বেঁচে যান আব্বাস আরাঘচি। নতুন সর্বোচ্চ নেতার নেতৃত্ব প্রসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানান, মোজতবা খামেনি বর্তমানে রাষ্ট্রীয় সব নীতি নির্ধারণে অত্যন্ত সক্রিয় ও কার্যকরভাবে যুক্ত রয়েছেন এবং দেশের সার্বিক পরিস্থিতির ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। ৮ এপ্রিল থেকে একটি নাজুক যুদ্ধবিরতি কার্যকর থাকলেও চলমান সংঘাত ও কঠোর নিরাপত্তাজনিত কারণে কৌশলগতভাবেই তাকে জনসমক্ষে আনা হচ্ছে না। আরাঘচি আরও উল্লেখ করেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এবং সরাসরি বেশ কয়েক দফা আলোচনা হলেও, সংকটের স্থায়ী কোনো সমাধান বা চূড়ান্ত সমঝোতা এখনো অধরাই রয়ে গেছে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এমএকে/