শিরোনাম

ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান শতাধিক সাবেক কূটনীতিকের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান শতাধিক সাবেক কূটনীতিকের
ইসরায়েলের পতাকা

ফিলিস্তিনে আন্তর্জাতিক আইন রক্ষা ও ইসরায়েলের বিরুদ্ধে যৌথভাবে নিষেধাজ্ঞা আরোপের জন্য ফ্রান্স ও যুক্তরাজ্য সরকারের কাছে আহ্বান জানিয়েছেন দেশের দুটির ১০২ জন সাবেক রাষ্ট্রদূত ও অভিজ্ঞ কূটনীতিক। শনিবার (২২ আগস্ট) ফরাসি দৈনিক লে মঁদে প্রকাশিত এক খোলা চিঠিতে তারা এ পদক্ষেপের দাবি তোলেন। চিঠিতে ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয়পক্ষের জন্য সমান অধিকার নিশ্চিত করার জোর তাগিদ দেওয়া হয়।

চিঠিতে সাবেক এ কূটনীতিকরা অভিযোগ করেন, দখলকৃত এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ভেঙে ফেলা এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা মূলত জাতিগত নিধনেরই অংশ। ইসরায়েলের বর্তমান নীতি মধ্যপ্রাচ্যে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সব সম্ভাবনা বিলীন করে দিচ্ছে উল্লেখ করেন তারা। কূটনীতিকরা বলেন, বিশ্ব সম্প্রদায় এখন আর ইসরায়েলকে সত্যিকারের গণতন্ত্র হিসেবে দেখছে না।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে জাতিসংঘে যুক্তরাজ্যের সাবেক প্রতিনিধি জেরেমি গ্রিনস্টক ও এমির জোন্স প্যারি এবং ফ্রান্সের সাবেক মধ্যপ্রাচ্যবিষয়ক পরিচালক ইভেস অবিন দ্য লা মেসুজিয়ের ও দনিস বুশার্ডের মতো জ্যেষ্ঠ কূটনীতিকরা রয়েছেন। সাবেক ব্রিটিশ রাষ্ট্রদূত নিকোলাস হপটন জানান, চিঠির বক্তব্যগুলো তাদের নিজস্ব কোনো মনগড়া কথা নয়, বরং আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের ধারাবাহিক পর্যবেক্ষণের ওপর ভিত্তি করেই এসব বলা হয়েছে।

এদিকে, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় থামেনি ইসরায়েলি বাহিনীর হামলা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ২৮৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। বিশ্বজুড়ে প্রবল সমালোচনা ও আন্তর্জাতিক চাপের তোয়াক্কা না করেই সামরিক পদক্ষেপ চালিয়ে যাচ্ছে ইসরায়েল।

সূত্র: আল জাজিরা

/এমএকে/