পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রস্তাবগুলো পর্যালোচনা করছে ইরান: আরাঘচি

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রস্তাবগুলো পর্যালোচনা করছে ইরান: আরাঘচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, কূটনৈতিক আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের দেওয়া পারমাণবিক প্রস্তাবগুলো পর্যালোচনা করছে তেহরান।

তিনি জানান, তার ডেপুটি বর্তমানে কাতারি ও পাকিস্তানি কর্মকর্তাদের মধ্যস্থতায় আলোচনা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে দোহা ও ইসলামাবাদ উভয়ের পক্ষ থেকে নিরন্তর কূটনৈতিক প্রচেষ্টা ও যোগাযোগের জন্য তিনি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

তবে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ততার সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আসন্ন বৈঠকের খবরকে গণমাধ্যমের জল্পনা বলে উড়িয়ে দেন আরাঘচি। তিনি জানান, ইরান বর্তমানে সরাসরি আলোচনার কোনো প্রয়োজন দেখছে না। তার মতে, ভবিষ্যৎ আলোচনা সরাসরি হবে নাকি মধ্যস্থতাকারীদের মাধ্যমে হবে, তা সম্পূর্ণরূপে তেহরানের দেওয়া শর্তাবলির প্রতি ওয়াশিংটনের প্রতিক্রিয়ার ওপর নির্ভর করবে।

মার্কিন উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের চিঠির বিষয়ে তিনি বলেন, উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে চিঠিটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়েছে। তিনি সংলাপ ও পারস্পরিক বোঝাপড়ার পথ খোলার ওয়াশিংটনের প্রচেষ্টাকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন। তবে একই সঙ্গে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি বিভেদকে উস্কে দেয়, তবে তা ওয়াশিংটনের আরেকটি নীতিগত ভুল হিসেবে গণ্য হবে।

কাতারি ও পাকিস্তানি প্রতিনিধিদের মাধ্যমে ইরানের দেওয়া মূল শর্তগুলোর মধ্যে রয়েছে-ইসলামাবাদ সমঝোতা স্মারকের পর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীর সংখ্যা হ্রাস, তেল রপ্তানিতে ছাড় পুনর্বহাল এবং কাতারে রক্ষিত তহবিলসহ বিদেশে থাকা ইরানের সকল সম্পদ অবমুক্ত করা, সকল ফ্রন্টে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি।

এদিকে কাতারি মধ্যস্থতাকারীরা প্রাথমিকভাবে ইরানি উদ্যোগটি বাস্তবায়নে পাঁচ দিনের সময়সীমা দিয়েছিলেন। তবে আরাঘচি জানিয়েছেন, আলোচনার মাধ্যমে তা কমিয়ে দুই দিনে আনা হয়েছে।

সূত্র: আল জাজিরা

/এমএকে/