মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের
রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস

নিরাপত্তা ঝুঁকির কারণে সৌদি আরবে জরুরি নয় এমন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (৩০ অক্টোবর) রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বিমানবন্দরগুলো ব্যবহারের জন্য মার্কিন সরকারি কর্মচারীদের বিশেষ অনুমতির প্রয়োজন হবে বলে দূতাবাস জানিয়েছে। একই সঙ্গে, মার্কিন নাগরিকদের আরও হামলা, আকাশসীমা বন্ধ, ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণ বিঘ্নের বিষয়ে সতর্ক করা হয়েছে।

সৌদি বাহিনী হুথিদের একটি হামলা প্রতিহত করার কথা জানানোর কয়েক ঘণ্টা পর, শুক্রবার ইয়েমেনের এডেনের রাষ্ট্রপতি ভবনে দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। দুইজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ঘটনার পর তারা এডেনের প্রাসাদটিতে অ্যাম্বুলেন্স ঢুকতে দেখেছেন। এর কিছুক্ষণ আগে বাসিন্দারা জানান, তারা শহরে দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

অন্যদিকে সৌদি জোট শুক্রবার জানিয়েছে, তারা সৌদি রাজধানী রিয়াদের কাছে একটি ড্রোন এবং দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। এক্সে দেওয়া দুটি পোস্টে জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি বলেছেন, বাহিনী রিয়াদ প্রদেশে ড্রোনটি ধ্বংস করার পাশাপাশি সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের দ্বারা দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও ধ্বংস করেছে।

সূত্র: ডন

/এমএকে/