শিরোনাম

ইসরায়েলি হামলায় গভীর অর্থনৈতিক সংকটে লেবানন

সিটিজেন ডেস্ক
ইসরায়েলি হামলায় গভীর অর্থনৈতিক সংকটে লেবানন

দীর্ঘদিন ধরে চরম অর্থনৈতিক সংকটে নিমজ্জিত লেবাননকে আরও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে হিজবুল্লাহ-ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাত। ২ মার্চ যুদ্ধ তীব্র রূপ নেওয়ার পর থেকে মাত্র ৫ সপ্তাহে দেশটির আনুমানিক ২০০ কোটি মার্কিন ডলার সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে। এটি লেবাননের মোট জিডিপির প্রায় ৭ শতাংশ। দেশটির অর্থনীতি মন্ত্রী আমের বিসাত আল জাজিরাকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, যুদ্ধের কারণে প্রায় ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং যুদ্ধ পরবর্তী পুনর্গঠনে আগামীতে আরও কয়েক বিলিয়ন ডলারের প্রয়োজন হবে।

সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত বিপুল সংখ্যক মানুষকে সহায়তা করার মতো পর্যাপ্ত আর্থিক বা কাঠামোগত সক্ষমতা এই মুহূর্তে লেবানন সরকারের নেই। বর্তমানে সরকারি উদ্যোগে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব হলেও, আরও কয়েক লাখ বাস্তুচ্যুত মানুষ সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। ২০২৪ সালে এ সংঘাতের সূত্রপাত হওয়ার আগেও দেশটি পূর্ববর্তী যুদ্ধের ধকল কাটিয়ে উঠতে পারছিল না।

চলমান সংঘাতের বহুমুখী নেতিবাচক প্রভাব পড়েছে লেবাননের সামগ্রিক অর্থনীতি ও জীবনযাত্রায়। দেশজুড়ে মানুষ প্রতিনিয়ত চাকরি হারাচ্ছেন এবং অধিকাংশ উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সংঘাত কবলিত এলাকার কৃষিখামারগুলোতে উৎপাদন পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। এছাড়া, দেশের আয়ের অন্যতম প্রধান উৎস পর্যটন খাতে স্থবিরতা নেমে আসায় বিদেশি পর্যটকদের আগমন সম্পূর্ণ বন্ধ রয়েছে। সব মিলিয়ে এক অভূতপূর্ব মানবিক ও অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি দাঁড়িয়ে আছে লেবানন।

সূত্র: আল জাজিরা

/এমএকে/