শিরোনাম

ইরান যুদ্ধ নিয়ে চীন-রাশিয়াকে কড়া বার্তা ট্রাম্পের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরান যুদ্ধ নিয়ে চীন-রাশিয়াকে কড়া বার্তা ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, তবে এর পরিণতি তাদের জন্য খুবই খারাপ হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি জানিয়েছেন, দেশ দুটি তাকে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করবে না বলে তার দৃঢ় বিশ্বাস রয়েছে।

সামাজিক যোগোযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প জানান, সম্প্রতি বেইজিং সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে নিশ্চিত করেছেন, চীন বা তাদের কোনো কোম্পানি ইরানকে কোনো অবস্থাতেই অস্ত্র দেবে না। ট্রাম্প বলেন, তাদের চমৎকার সম্পর্ক এবং তিনি চীনের প্রতি একটি বড় অনুগ্রহ করায় শি জিনপিংয়ের কথায় তিনি পূর্ণ আস্থা রাখছেন।

অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ চললেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে একই ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন। ট্রাম্প বলেন, তিনি সরাসরি ইউক্রেনকে নয়, বরং ন্যাটো দেশগুলোর কাছে পুরো দামে অস্ত্র বিক্রি করেন। সেই অস্ত্র কোথায় ও কীভাবে যাচ্ছে, তা নিয়ে তার কোনো মাথাব্যথা নেই। তিনি মনে করেন, ইরানকে অস্ত্র দেওয়ার মতো কাজে চীন বা রাশিয়া জড়ালে তা নিশ্চিতভাবেই তাদের নিজেদের স্বার্থের পরিপন্থী হবে।

সম্প্রতি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ মন্তব্য করেছিলেন, চীন ও রাশিয়া ইরানকে ‘সহযোগিতা’ করছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের এ সংক্রান্ত প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তারা ঠিক কী ধরনের সহযোগিতা করছে তা তিনি জানেন না। তবে অস্ত্র সরবরাহ না করার বিষয়ে শি ও পুতিনের দেওয়া কথার ওপর তার পূর্ণ ভরসা রয়েছে। ট্রাম্প আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, এ দুই নেতার কেউই এমন কিছু করতে চাইবেন না, যার কারণে তিনি হতাশ হন।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/