অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিচ্ছে ‘অর্ণব’, কখন কোথায় আঘাত হানবে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘অর্ণব’ ক্রমেই শক্তি বাড়াচ্ছে। এটি আরও ঘনীভূত হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এরপর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ২৮ অক্টোবর ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে সোমবার দুপুর ১২টার দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়। এ সময় ঘূর্ণিঝড়টি পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছিল।

পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সোমবার মধ্যরাত নাগাদ প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে এটি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে আরও শক্তিশালী হয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। সবকিছু পূর্বাভাস অনুযায়ী এগোলে ২৮ অক্টোবর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়টি।

দেশের তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড়টির প্রভাবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলসহ দেশের আবহাওয়ায় পরিবর্তন আসতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে অধিকাংশ এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া এ সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

/এবি/