শিরোনাম

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত ইরানের

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্রকে ৬ শর্ত ইরানের
হরমুজ প্রণালি

যুক্তরাষ্ট্রের বৈরী আচরণে পরিবর্তন না এলে এবং ইরানের শর্তগুলো মেনে না নেওয়া পর্যন্ত কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধই থাকবে। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের যুলঘাদর এক বিবৃতিতে জানিয়েছেন, আন্তর্জাতিক এ গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় চালু করতে হলে ওয়াশিংটনকে অবশ্যই নিজেদের আচরণ শোধরাতে হবে।

তেহরানের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে বেশ কিছু শর্ত দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে-

ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে হুমকি বন্ধ করা, ইরান ও তার আঞ্চলিক মিত্রদের ওপর সব ধরনের সামরিক অভিযান স্থায়ীভাবে স্থগিত করা এবং অবরোধে যুক্ত মার্কিন নৌ ও বিমান বাহিনীকে প্রত্যাহার করা। একই সঙ্গে সাম্প্রতিক সংঘাতের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়া, মার্কিন নিষেধাজ্ঞা সম্পূর্ণ প্রত্যাহার এবং ইরানের জাব্দকৃত অর্থ ও সম্পদ অবিলম্বে মুক্ত করার দাবি জানানো হয়েছে।

ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান জানান, দেশের মানুষের সাম্প্রতিক বিক্ষোভ ও সমাবেশে এই দাবিগুলোই উঠে এসেছে। তাই যুদ্ধ কিংবা আলোচনা- পরিস্থিতি যেদিকেই যাক না কেন, ইরানি জনগণের প্রত্যাশা থেকে তেহরান একচুলও পিছু হটবে না।

পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় ১৮ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল, যার উদ্দেশ্য ছিল সক্রিয় সংঘাত থামিয়ে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক নৌচলাচল ধাপে ধাপে স্বাভাবিক করা। তবে পরবর্তীতে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলায় সেই আলোচনা মাঝপথেই থমকে যায়। ফলে কৌশলগত জলপথটি সচল হওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন কূটনৈতিক অনিশ্চয়তা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

/এমএকে/