ইরানে তীব্র হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

সিটিজেন জার্নাল ডেস্ক
সিটিজেন জার্নাল ডেস্ক
ইরানে তীব্র হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
মার্কিন ডেস্ট্রয়ার

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে নতুন করে একটি তীব্র কিন্তু স্বল্পস্থায়ী হামলার পরিকল্পনা চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই যেকোনো মুহূর্তে এ অভিযান শুরু হতে পারে।

প্রতিরক্ষামন্ত্রণালয়ের কর্মকর্তা ও সামরিক সূত্রগুলোর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, এ হামলা দীর্ঘস্থায়ী হবে না, তবে এর তীব্রতা হবে কল্পনাতীত। তবে অভিযানের সময়সীমা ঠিক কত দীর্ঘ হতে পারে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি। ইতোমধ্যে ১২টি যুদ্ধজাহাজে হাজার হাজার নৌ ও বিমান সেনাকে প্রস্তুত রাখা হয়েছে। তারা এখন কেবল গ্রিন সিগন্যালের অপেক্ষায় আছেন।

জানা গেছে, সম্ভাব্য এ হামলায় ইরানের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো, পারমাণবিক স্থাপনা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎপাদন বা সংরক্ষণের সঙ্গে জড়িত কেন্দ্রগুলোকে প্রধান লক্ষ্যবস্তু করা হতে পারে। এছাড়া আগের হামলা ও পাল্টা হামলার সময় মধ্যপ্রাচ্যে মার্কিন যেসব সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলোর মেরামতের আর কোনো সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তা নিহত হন। সে সময় মার্কিন ও ইসরায়েলি নীতিনির্ধারকদের ধারণা ছিল, এ হামলার ধাক্কায় সাধারণ মানুষ রাস্তায় নেমে বর্তমান ইসলামিক সরকারের পতন ঘটাবে। কিন্তু দেশটির নিরাপত্তা বাহিনীর কঠোর অবস্থানের কারণে এখনো সেরকম কোনো গণঅভ্যুত্থান দেখা যায়নি। অন্যদিকে সামরিক হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রের কঠোর নৌ-অবরোধের কারণে চরম অর্থনৈতিক সংকটের মুখে পড়েছে ইরান।

সূত্র: নিউইয়র্ক টাইমস

/এমএকে/