তেহরানের হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরেন মোজতবা খামেনি

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
তেহরানের হাসপাতালেও হামলা, ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরেন মোজতবা খামেনি
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। ওই ভয়াবহ হামলায় তার ছেলে মোজতবা খামেনিও গুরুতর আহত হন এবং তাকে দ্রুত তেহরানের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তবে হাসপাতালের বিছানাতেও স্বস্তি মেলেনি। আল আরাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্য মহসিন হায়দারি জানান, মোজতবাকে হাসপাতালে নেওয়ার তেহরানের মোট তিনটি হাসপাতালে একের পর এক বোমা হামলা চালানো হয়। এর মধ্যে তৃতীয় হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে হাসপাতালের ধ্বংসস্তূপের নিচ থেকেই তাকে জীবিত উদ্ধার করা হয়। নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নাম ঘোষণা হলেও এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি মোজতবা খামেনি। এমনকি বাবার জানাজাতেও দেখা যায়নি তাকে। কেবল লিখিত বিবৃতির মাধ্যমেই যোগাযোগ রক্ষা করে চলেছেন তিনি। তার শারীরিক অবস্থা নিয়ে নানামুখী গুঞ্জনের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, তিনি নতুন নেতার সঙ্গে আড়াই ঘণ্টা আন্তরিক পরিবেশে বৈঠক করেছেন।

মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। তার মতে, মোজতবা মারা যাননি, তবে তিনি গুরুতর আহত হয়েছেন। ট্রাম্পের দাবি, নতুন নেতার শরীরের বাঁ পাশ, হাত ও পা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে।

হায়দারির সাক্ষাৎকারে উঠে এসেছে মোজতবার খামেনির সর্বোচ্চ নেতা হয়ে ওঠার পেছনের সব তথ্য। ৮ মার্চ যখন নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া চলছে, ঠিক সেই মুহূর্তে কোম শহরে বিশেষজ্ঞ পরিষদের বৈঠকখানায় বোমা হামলা হয়। এতে প্রাণ হারান আটজন আর পুড়ে ছাই হয় নির্বাচনের বহু গুরুত্বপূর্ণ নথিপত্র। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে সদস্যরা একটি গোপন কক্ষে কাগজের ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করেন। মোট ৫৯ ভোটের মধ্যে মোজতবা খামেনি একাই পান ৫০ ভোট। তার প্রতিদ্বন্দ্বী আয়াতুল্লাহ আলিরেজা আরাফি পান আট ভোট, আর একজন ভোটদান থেকে বিরত থাকেন।

মহসিন হায়দারির মতে, শত্রুদের আক্রমণাত্মক অবস্থান ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই তারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আয়াতুল্লাহ মোজতবা খামেনি ছাড়া এ পদে অন্য কাউকে বসানো যাবে না।

সূত্র: গালফ নিউজ

/এমএকে/