মধ্যপ্রাচ্য সংঘাত থামানোর যে পথ দেখালো ইরান

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মধ্যপ্রাচ্য সংঘাত থামানোর যে পথ দেখালো ইরান
প্রতীকী ছবি

চলমান সংকট নিরসনে সামরিক আক্রমণ কিংবা একের পর এক নিষেধাজ্ঞা কোনো কাজে আসবে না বলে জানিয়েছে ইরান। দেশটির মতে, চলমান সংঘাতের অবসান ঘটাতে কূটনৈতিক আলোচনা, ন্যায়বিচার ও সম্মানের বিকল্প নেই।

তেহরানে নিযুক্ত বিদেশি রাষ্ট্রদূতদের এক অনুষ্ঠানে রবিবার (৪ অক্টোবর) কথাগুলো বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য নিশ্চিত করেছে।

সংকট নিরসনের উপায় নিয়ে আলোচনা করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কোনো সামরিক সমাধান নেই, এবং আরও নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করেও কোনো সমাধান হবেনা।’

ইরানি পররাষ্ট্রমন্ত্রীর মতে, ‘দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখতে হলে দুপক্ষকেই আলোচনার টেবিলে বসতে হবে। তিনি বলেন, কেবলমাত্র আলোচনা, ন্যায়বিচার এবং কূটনৈতিক মর্যাদার ওপর ভিত্তি করে একটি সমাধান এই পরিস্থিতির মোকাবেলা করতে পারে এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধ ও বেআইনি আগ্রাসনের অবসানে একটি চূড়ান্ত নিষ্পত্তি আনতে পারে।’

একই সঙ্গে আরাঘচি জানান, ওয়াশিংটন যদি নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার ভুল করে, তবে তেহরানও ‘আরও বেশি শক্তি দিয়ে আত্মরক্ষার’ জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে।

উল্লেখ্য, ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল একযোগে ইরানে সামরিক অভিযান শুরু করলে সংঘাত শুরু হয়। জবাবে ইরানও মার্কিন আঞ্চলিক ঘাঁটিগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের কৌশলগত রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ করে দেয়। পরবর্তীতে মার্কিন সামরিক বাহিনী পাল্টা পদক্ষেপ হিসেবে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপ করে।

সূত্র: আনাদোলু এজেন্সি

/এমএকে/